বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভয়ংকর সুন্দর’ নিয়ে ভাবনার ‘ভয়ংকর’ দুটো দিন!

news-image

বিনোদন প্রতিবেদক : ভাবনাকে ফোন দেওয়া হয়েছিল একেবারে অসময়ে। এই তো সেদিন, ‘ভয়ংকর সুন্দর’-এর প্রিমিয়ারের মাঝখানে। চারদিকে গিজগিজে মানুষের হইচই আর ক্যামেরার ঝলকানি। তখন কি আর কথা বলা যায়? তবুও প্রিমিয়ারটা শেষ করেই কথা বলবেন বলে কথা দিয়েছিলেন। কথা হলো একেবারে ছবি মুক্তির পর। এই দু’দিনে কী কী ঘটে গেলো, তা অবশেষে জানালেন নয়নতারার নিজেই।

ওই দিন যে আপনি কথা বলতে পারবেন না তা স্বাভাবিক, এখন ফ্রি আছেন তো? ‘ভয়ংকর সুন্দর’ তারকার হয়তো ফ্রি থাকার দিন শেষ। জানালেন, ‘মেকআপ করছি। একটু পরই টেলিভিশনে অনুষ্ঠান আছে, রেডি হচ্ছি।’

তো ওই দিনের গল্পটা একটু বলেন। তার প্রিমিয়ারের গল্পটাও কম ‘ভয়ংকর’ নয়।

বললেন, ‘জীবনের প্রথম ছবির প্রিমিয়ার। জানেন, ওই দিন আমি কিছুই বুঝতেছিলাম না। সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল (হেসে ফেললেন)। চারদিকে মানুষ, ছবি তোলা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করছেন- সব মিলিয়ে আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। আর ওইদিনই রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমার তো যেতে যেতেই অবস্থা খারাপ। ‘ এক্সাইটমেন্ট কাজ করছিল নিশ্চয়ই?’ আমি বলতেই পারবো না আমার মধ্যে কি কাজ করছিল। এক্সাইটমেন্ট তো ছিলই, টেনশনও ছিল। আরো অনেক কিছুই ছিল। আমি জানি না’।

তবে তার পাশে ছিলেন আইকনিক তারকারা। বললেন, ‘সিনিয়র শিল্পীরা এত বেশি আমাকে সাহস যুগিয়েছেন যে বলে বোঝানো যাবে না। সুবর্ণা আপু সব সময় পাশে ছিলেন। যদিও ওইদিন আসতে পারেননি। বিপাশা আপু পাশে ছিলেন। সুমী কায়সার আপু তো সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছেন। জয়া আপু চলে এসেছেন কলকাতা থেকে। তিশাও ছিলেন আশ্বস্তের হাসি নিয়ে। ‘

এবার বলেন, সেই মুহূর্তের কথা, যখন প্রিমিয়ার শেষ হলো এবং উপস্থিতদের মতামত আর মন্তব্য আসছে একের পর এক। ‘এসব অভিজ্ঞতা কখনো ভোলার নয়’, উত্তেজনা চড়ল ভাবনার কণ্ঠে। ‘কিন্তু ওই যে বললাম, আমার ওই দিন সব মাথার ওপর দিয়ে যাচ্ছিল। আমার হাত-পা কাঁপছিল। বিপাশা আপু এসে বললেন, আমি তোমার অবস্থা বুঝি। তবে ছবিটা তুমি যেভাবে টেনে নিয়ে গেছো, তা এককথায় অসাধারণ! সবাই আমার কাজের এত প্রশংসা করেছেন যে আমার আর কিছুই চাওয়ার নেই। বিশেষ করে ওপারের পরমব্রতের মতো পরিণত অভিনেতার সঙ্গে কাজ করা দারুণ চ্যালেঞ্জিং ছিল। আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে, যারা প্রিমিয়ার দেখেছেন তারা সবাই যার যার দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন দৃশ্য নিয়ে কেবল নয়নতারাকে বিশ্লেষণ করছিলেন। এসব অনুভূতি…আসলে বোঝাতে পারবো না। ‘

প্রিমিয়ারের দিন জন্মদিন ছিল নয়নতারার। জানালেন আরেকটি দারুণ ঘটনার কথা। এক ভক্ত কুমিল্লা থেকে এসেছেন প্রিয় তারকাকে একনজর দেখবেন বলে। অনেকবার ফোন দিয়েছেন। ব্যস্ততার মাঝেও তার সঙ্গে দেখা করা ইচ্ছা প্রকাশ করেন ভাবনা। সেই ভক্ত তার এক বন্ধুকে নিয়ে সায়েদাবাদ থেকে হেঁটে চলে এসেছেন, কারণ প্রচুর যানজট। আসার পর তিনি ভাবনাকে দিলেন একটা শাড়ি। ভক্তের মা নয়নতারার জন্য শাড়ি পাঠিয়েছেন! ‘এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে বলেন?’, আপ্লুত কণ্ঠে বলতে থাকলেন ভাবনা। ‘ওটাই ছিল আমার জন্মদিনের সেরা উপহার। ‘

এবার ছবি মুক্তির কাহিনী বলেন। ‘ওটাও এক অসাধারণ অভিজ্ঞতা। আমি বসুন্ধরা সিটি সিনেপ্লেক্স আর বলাকায় গিয়েছি। সিনেপ্লেক্সে আমি, অনিমেষ আর ছবির অন্যান্যরা সিটই পাইনি। অনেক দর্শক টিকেট পাননি। অনিমেষ তো তার বাবা-মাকে নিয়ে গিয়েছিলেন। কোনো রকমে তাদের একেবারে সামনে বসতে দেওয়া হয়। বলাকার অবস্থাও খারাপ। ‘ কেমন খারাপ? ‘আমার গাড়ি রীতিমতো ঘিরে ধরেছিলেন ভক্তরা। সবাই হাত নাড়ছেন, গাড়ির ভেতরে আমাকে দেখছেন। ওই সময় আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি অভিভূত। সম্বিৎ ফিরে পেলাম। কারণ অনিমেষ বললেন, তুমি অন্তত হাত নাড়ো ভক্তদের উদ্দেশে। ‘

তাহলে এ ছবি থেকে যা চাচ্ছিলেন তাই পেয়েছেন? ‘নাহ, আমি অনেক বেশি বেশি পেয়েছি। যে ঘটনাগুলো আপনাকে বললাম, তা নিজের জীবনে ঘটবে কখনো ভাবিনি। অন্য তারকাদের জীবনে বা টেলিভিশনে কোনো সিনেমায় এসব দৃশ্য দেখেছি। কিন্তু এখনো নিজের জীবনে এসব পেয়ে আমি দর্শক-সমালোচকদের কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বড় কথা, একটা সিনেমা মুক্তি পাওয়ার আগেই তার চরিত্রের নামটা ধরেই মানুষ আমাকে ডাকতে বা চিনতে শুরু করে। ভাবনা নয়, শুধু নয়নতারা নয়নতারা নামটাই শুনেছি। এর চেয়ে বড় সফলতা আর কী হতে পারে?’

ছবির সঙ্গে এই দুদিনের অভিজ্ঞতাও হুবহু মিলে যায় ভাবনার। ‘ভয়ংকর সুন্দর’ ছবিটা নিয়ে সত্যিকার অর্থেই ‘ভয়ংকর সুন্দর’ অভিজ্ঞতাই লাভ করেছেন তারকা। তার এ পথচলা তেমনটাই থাক।

এমডি/মানিক