বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভার উড়ে যাওয়ার কাল

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার প্রগতিশীল এক শিক্ষিকার চরিত্রে অভিনয় করলেন এ অভিনেত্রী। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘উড়ে যাওয়ার কাল’ নামের একক নাটকে তাকে এমন চরিত্রে দেখা যাবে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে প্রভার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা সজল।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক মাহমুদ দিদার রাইজিংবিডিকে বলেন, ‘নন্দিনী নামের একটি মেয়েকে প্রত্যন্ত এলাকা পাড়ি দিয়ে কলেজে আসতে হয়। নৌকা, তারপর বাস। ক্লাশে আসতে অধিকাংশ সময় তার দেরি হয়ে যায়। এজন্য সব শিক্ষকই তাকে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেয়। কিন্তু তাদের কলেজের নতুন শিক্ষক মুনিয়া অন্যরকম। সে মেয়েটার জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। সবচেয়ে রক্ষণশীল শিক্ষক হারুণ তিনিও নন্দিনীর স্বপক্ষে দাঁড়ায়। কিন্তু তাদের জন্য লড়াইটা মধুর হয় না। কারণ দীর্ঘ অনুশাসনে আক্রান্ত প্রশাসন তার বিরুদ্ধে দাঁড়ায়। এদিকে নন্দিনী সাইকেল চালায়। কিন্তু ওই তল্লাটে কোনো মেয়ে সাইকেল চালায় না। প্রতিবেশীরাও তার বিপক্ষে দাঁড়ায়। একঘরে হয়ে পড়ে মেয়েটির পরিবার। এমন নানা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে গেছে নাটকটির কাহিনি।’

নাটকটির মুনিরা চরিত্রে অভিনয় করেছেন প্রভা। আর প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করা নন্দিনী মেয়েটির চরিত্র রূপায়ন করেছেন মাটি সিদ্দিকী। হারুণ চরিত্রে দেখা যাবে সজলকে। নতুন মুখ মাটি চমৎকার কাজ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া, বিজয় নগর, মাধবপুর ও সিলেটের বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদুল আজহার তৃতীয় দিন এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর