বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নাটকে পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদনক : আগামী ঈদের বেশ কয়েকটি নাটকে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। এরইমধ্যে নায়িকা ঈদের নাটকে অভিনয় শুরু করেছেন। ধারাবাহিকভাবে তিনি মুশফিকুর রহমান গুলজার, এসএ হক অলিক, তানিয়া আহমেদ, ইমরাউল রাফাত, ও মানিকের নাটকে কাজ করবেন।

পূর্ণিমা বলেন, ‘আগামী ঈদুল আযহার কাজ নিয়ে মনে হচ্ছে আমাকে অনেক চাপে থাকতে হবে। নির্মাতাদের অনেকেই চাইছেন আমি যেন তাদের নাটকে কাজ করি। কারণ গেলো ঈদে অনেকের ইচ্ছে পূরণ করা সম্ভব হয়নি। ফলে এবারের ঈদে তাদের সিডিউল দিতে হচ্ছে। তবে এটা সত্য যে, স্ক্রিপ্টে আমার ভালোলাগাটাও ভীষণ জরুরী। স্ক্রিপ্ট এবং চরিত্র পছন্দ না হলে আমি কাজ করি না।’

এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহে রায়হান খান পরিচালিত ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকের শুটিং হবার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন নোবেল ও মোশাররফ করিম। নায়িকা এখন টিভি নাটকেই কাজ করছেন। অনেকদিন ধরে নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না তার। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘প্রায়ই চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব আসে। কিন্তু গল্প ও চরিত্র মনের মতো না হওয়ায় শেষ পর্যন্ত আর কাজ করা হয়ে ওঠে না। যে কারণে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না আমাকে। যেহেতু মনেপ্রাণে আমি চলচ্চিত্রেরই একজন মানুষ। তাই এখানেই কাজ করতে চাই। কিন্তু সবকিছু ব্যাটে-বলে না হলে তো আর কাজ করা যায় না।’

উল্লেখ্য, গত ঈদেই বেশকিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করার কথা ছিলো পূর্ণিমার। কিন্তু ঈদের আগেই তিনি আমেরিকা চলে যান। ফলে প্রযোজক-পরিচালকদের আগ্রহ থাকলেও পূর্ণিমা তাদের কাজে সময় দিতে পারেননি। দেশে ফিরেই তিনি ব্যক্তিগত নানা কাজ নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন। এরমধ্যে গেলো ২৪ জুলাই পূর্ণিমা ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনাও করে আলোচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর