বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদের অনলে জ্বলে মিডিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ভাঙনের সুরে মাতোয়ারা তারকাজগৎ। হাল আমলে মিডিয়ায় সংসার ভাঙনের বিষয়টি প্রকট আকার ধারণ করেছে। সংসার শুরু করার এক বছরের মধ্যেই লেগে যাচ্ছে ঝুট-ঝামেলা। কেন এই বিচ্ছেদ? একসঙ্গে এক ছাদের নিচে বসবাস করতে গেলে কিছু সমস্যা সৃষ্টি হবেই। সেসব সমস্যাকে পাশ কাটিয়ে, আলোচনার মাধ্যমে সমাধান করে চলার নামই জীবন। অনেকে চেষ্টাও করেন। কিন্তু কোথাও যেন সমস্যাটা রয়েই যায়। অনেকে বিচ্ছেদ তথা ডিভোর্সকে মানসিক রোগের সঙ্গেও তুলনা করেছেন। তারকাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ নিয়ে বিস্তারিত এই প্রতিবেদকে-

তারকাদের জীবনটা বড় অদ্ভুত! নাম-যশ, অর্থ-প্রতিপত্তি, ভক্ত-অনুরাগী, হাততালি, প্রশংসা, সাক্ষাৎকার-অটোগ্রাফ, জয়োধ্বনি, পুরস্কার- কী নেই তাদের! নেই কেবল স্থায়ী ও মধুর দাম্পত্য জীবনের স্বাদ। মন আকাশে নেই কেবল সুখের এক ফালি চাঁদ, জীবনগাঙে নেই কেবল শান্তির ছলাৎ ছলাৎ ঢেউ।

পর্দায় অনেকেই তারা ভালোবাসার ‘রাজা’, অথচ ঘরে? ভালোবাসার ফকির। বাইরে হাজার হাজার ভক্ত তাদের প্রেমে দিওয়ানা, অথচ অন্দরে এতটুকু প্রেমের জন্য তাদের কী হাহাকার আর কাঙালপনা! সেই কাঙালপনায় একের পর এক সঙ্গী বদল হয়, মন-উঠোনে একের পর এক মুখ বদল হয়; বদল হয় না কেবল দাম্পত্য জীবনের রং।

তাদের জীবনঘাটে হররোজ কত কিছু, কত মানুষের ভিড়। ভিড়ে না কেবল অধরা প্রকৃত ভালোবাসার তরী। ভিড়ে না কেবল দাম্পত্য-শান্তির ভেলা। সুখের খোঁজে তারা কত ঘর বাঁধে। কত প্রাণে বাঁধে প্রাণ! কিন্তু সব যেন বালির বাঁধ। মিলনের সুর না মিলাতেই বেজে উঠে ভাঙনের গান। বেজে উঠে বিচ্ছেদের করুণ বিউগল।

হলিউডে বিউগলের সেই সুর যেন রীতিমতো মহামারী রূপ পেয়েছে। বিয়ের মেয়াদ কমতে কমতে ঠেকেছে ৬ ঘণ্টায়। এমনকি ৯ বার বিয়ে ও ৭ বার ডিভোর্সের পরও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিবাহ-বিচ্ছেদের ঘটনা ঘটছে।

হালে আমাদের শোবিজও যেন ওই বিচ্ছেদ সুরে আক্রান্ত। তারকাদের বিবাহ-বিচ্ছেদ আগে বিচ্ছিন্ন সংবাদ হলেও, গত বছর থেকে তা যেন নিরবচ্ছিন্ন সংবাদে পরিণত হয়েছে।

এই তো, অভিনেতা ও মডেল শিমুলের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সংসারের ইতি টেনে গত বছর ১৪ জানুয়ারি অভিনেতা নাঈমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মডেল ও অভিনেত্রী নাদিয়া।

১৩ আগস্ট মনোমালিন্য ও মতের অমিলের যুক্তিতে ফেসবুকে দ্বিতীয় সংসারে দাঁড়ি দেয়ার ঘোষণা দেন মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি।

এর রেশ না ফুরাতেই জানা গেল পরকীয়ার জেরে ভাঙছে সঙ্গীত পরিচালক ইবরার টিপুর সঙ্গে স্ত্রী মিথিলার দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক।

৩০ নভেম্বর খবর আসল ক্লোজআপ ওয়ান তারকা ও এক সন্তানের জননী সালমা আর স্বামী শিবলী সাদিকের সংসারে থাকছেন না।

তারপর জানা গেল, বছর না পেরুতেই স্বামী মাহিম করিমের সংসারের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা।

এ বিচ্ছেদের জের না ফুরাতেই চলতি বছর কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব জানালেন, ১৯ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী রেহানের সঙ্গে তার ‘সমঝোতামূলক বিচ্ছেদ’ হয়েছে।

এরপর আসল, জনপ্রিয় তারকা জুটি শখ-নিলয় বছর না গড়াতেই বিয়ের সমাপ্তিরেখা টানার খবর।

এই তালিকায় সর্বশেষ সংযোজন তাহসান-মিথিলা।

অবশ্য শোবিজে এ গল্প নতুন কিছু নয়। এ কেবল সঙ্গীতাঙ্গনের রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর, হৃদয় খান, ন্যান্সি, শওকত আলী ইমন, আরফিন রুমী; চলচ্চিত্র অঙ্গনের আলমগীর, রোজিনা, ইলিয়াস কাঞ্চন, দিতি, নাটক ও মডেলিং দুনিয়ার সুবর্ণা মুস্তাফা, হুমায়ূন ফরীদি, অপি করিম, শমী কায়সার, তারিন, আফসানা মিমি, গাজী রাকায়েত, আনিসুর রহমান মিলন, রোকেয়া প্রাচী, সোহেল আরমান, মুরাদ পারভেজ, সুহানা সাবা, রোমানা, অপূর্ব, প্রভা, অমিতাভ রেজা, সুজানা, বিজরি বরকতউলাহ, জেনী, মোনালিসা, রিয়া, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদসহ আরও অনেক তারকার অতীতের সংসার ভাঙনের ধারাবাহিকতা কেবল।

তবে তারকা দম্পতি ও এক কন্যা সন্তানের পিতা-মাতা তাহসান-মিথিলার ১১ বছরের সুখের সংসারের এমন অপ্রত্যাশিত পরিণতিতে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বেয়ে যাচ্ছে।

সবার মনে এখন একটাই প্রশ্ন, তারকাদের সংসার এত ক্ষণস্থায়ী কেন? তাদের প্রেম-বিয়ে-সংসার এত ঠুনকো কেন? বিশ্লেষকরা এর পেছনে তারকাদের ৫টি বিষয়কে দায়ী করেছেন-

১. শুধুই কাজ নিয়ে দিনরাত ব্যস্ত থাকা; ২. পরস্পরকে পর্যাপ্ত সময় না দেয়া, ৩. সংসারের প্রতি অমনোযোগ, ৪. অতি স্বাধীনচেতা মনোভাব, ৫. পরকীয়ায় জড়িয়ে পড়া। একই বিষয়ে টাইমস অব ইন্ডিয়া র এক প্রতিবেদনে তারকাদের ক্ষণস্থায়ী সংসারের পেছনে নিন্মোক্ত কারণ উল্লেখ করা হয়

নিরাপত্তাহীনতা : সাধারণ মানুষের দাম্পত্য জীবনে এতটা নিরাপত্তাহীনতা থাকে না, যতটা সেলিব্রিটিদের জীবনে থাকে। সেলিব্রিটিদের প্রচুর ঘোরাঘুরি করতে হয়। সেজন্য কখনও কখনও দীর্ঘদিন নিজের সঙ্গীর থেকে দূরে থাকতে হয়। কখনও কখনও এর মেয়াদ কয়েক মাস হয়ে যায়।

একাকিত্ব : কোনো কোনো ক্ষেত্রে একাকিত্ব এবং অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতার কারণ সেলিব্রিটিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা সেলিব্রিটিদের মাথায় সারাক্ষণ ঘুরপাক খায়।

মানসিক চাপ : সেলিব্রিটিরা সর্বদা স্পটলাইটে থাকেন। এজন্য নিজেদের বিয়ে টিকিয়ে রাখার মানসিক চাপ খুব বেশি থাকে। এই চাপের কারণে সেলিব্রিটি দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি এসে যায়।

সংবাদ মাধ্যমের প্রচারে আলোয় থাকা : সদা সর্বদা সংবাদ মাধ্যমের নজরে থাকার কারণে সেলিব্রিটিদের দাম্পত্য সম্পর্কে বিভিন্ন সমস্যা তৈরি হয়।

দূরত্ব : সেলিব্রিটি দম্পতিদের একে অপরের থেকে বেশিরভাগ সময়ই দূরে দূরে থাকতে হয়। এর ফলে দু’জনের মধ্যে দূরত্ব বেড়ে যায়।

নতুন নতুন পরিচয় : সেলিব্রিটিরা প্রায়শই নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন। যদি কখনও এমন কারও প্রতি একজন সেলিব্রিটি আকর্ষণ অনুভব করেন, তাহলে তার দাম্পত্য জীবন একেবারেই বিধ্বস্ত হয়ে পড়ে।

ইগো প্রবলেম : স্বামী ও স্ত্রী-উভয়েই যদি সেলিব্রিটি হন, তাহলে কেউ একজন বেশি সাফল্য পেলে অন্যজনের অহংয়ে আঘাত করতে পারে। এর থেকে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

ক্যারিয়ারকে অধিক গুরুত্ব প্রদান : কখনও কখনও এমন পরিস্থিতি আসে যেখানে বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়। সে ক্ষেত্রে অধিকাংশই ক্যারিয়ারকেই বেছে নেন।

অতি উৎসাহ : কোনো কোনো সেলিব্রিটি কাজের ব্যাপারে খুবই উৎসাহী হন। তিনি সবকিছু ভুলে কাজেই ডুবে থাকেন। একটা সময় তিনি বুঝতে পারেন, তার সঙ্গী অনেকটা দূরে সরে গেছে।

বয়সের ফারাক : বয়সের খুব বেশি তফাৎ অনেক সময় সেলিব্রিটিদের দাম্পত্য দীবনের পক্ষে ক্ষতিকারক হয়।

স্বতন্ত্র লাইফ স্টাইল : সেলিব্রিটি দম্পতিদের ক্ষেত্রে এ ব্যাপারটি মানিয়ে নেয়া সব সময় সহজ হয় না। সেজন্য তারা আলাদা রাস্তা বেছে নেন।

পৃথক লক্ষ্য : হয়তো কেউ সন্তান চাইছেন কিন্তু সঙ্গী চাইছেন না। এ ধরনের পৃথক লক্ষ্যের জন্য বিয়ে ভেঙে যায়।

বিয়ের প্রতি যত্নবান না হওয়া : সেলিব্রিটিদের অনেকেই বিয়েকে খুব একটা গুরুত্ব দেন না। সম্পর্ক টিকিয়ে রাখতেও যত্নবান হন না। এটাও বিয়ে ভাঙার একটা কারণ।

অবশ্যই ব্যতিক্রম যে নেই, তা কিন্তু নয়। এই যেমন রাজ্জাক-লক্ষ্মী, মৌসুমী-ওমরসানী, তৌকীর -বিপাশা, শাবনাজ-নাঈম, ড. ইনামুল হক-লাকী ইনাম, আলী যাকের-সারা যাকের প্রমুখ দম্পতি।

এক সাক্ষাৎকারে নায়করাজ রাজ্জাক বলেছিলেন, ‘আমি সব সময়ই আমার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনটাকে আলাদা করে রেখেছিলাম। কাজ শেষে আমি যখন ঘরে ফিরতাম, তখন আমি ভুলে যেতাম আমি নায়করাজ। নিজেকে আর দশজন সাধারণ মানুষের মতোই রেখেছিলাম বলে সংসার জীবনে সুখী হতে পেরেছি’।

শোবিজের তারকারা আমজনতার স্বপ্নের মানুষ। সাধারণ মানুষ তাদের শুধু ভালোবাসেই না; শ্রদ্ধা, অনুকরণ, অনুসরণও করে।

ভারতে তো শচীন টেন্ডুলকার বা অমিতাভ বচ্চনের মতো তারকাদের মানুষ রীতিমতো দেবতা জ্ঞানে পূজা পর্যন্ত করে। যে তারকাদের কাছ থেকে মানুষ নীতি, নৈতিকতা-আদর্শ শিখে, সেই তারাই যখন বহুগামিতা বা ঠুনকো কারণে, নিজেদের নিরীহ ও পরমপ্রিয় সন্তানদের কথা না ভেবে চূড়ান্ত স্বার্থপরের মতো প্রেম বা বিয়ের নামে পুতুল খেলায় মাতে কিংবা আদর্শিক নৈরাজ্যে গা ভাসায়; তাতে শুধু ওই তারকা দম্পতি বা তাদের সন্তানই ক্ষতিগ্রস্ত হয় না, তা গোটা সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় প্রচণ্ড এক বিপজ্জনক বার্তা প্রেরণ করে; যার প্রভাব সুদূরপ্রসারী।

হ্যা, তারকারাও মানুষ। কিন্তু মনে রাখতে হবে, তারা একই সঙ্গে মানুষের আইকন। তাই তাদের নিজেদের জন্য না হলেও অন্তত সন্তান, সমাজ ও ভক্তদের কথা ভেবে আদর্শিকও স্থিতিশীল দাম্পত্য জীবনে বিশ্বাসী আস্থাশীল ও মনোযোগী হওয়া উচিত।যুগান্তর