বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ সম্মান আমার জন্য গৌরবের : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় আর গৌরবোজ্জ্বল পুরস্কার হিসেবে সমাদৃত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। প্রধানমন্ত্রী আজ ২৪ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ তুলে দেন। শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হওয়া শাকিব খান প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো পুরস্কার নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন বর্তমানে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়ক। ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

এদিকে ২০১৬ সাল জুড়ে বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন শাকিব। পুরস্কার গ্রহন শেষে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিয়.কম এর সঙ্গে কথা বলেছেন এ চিত্রনায়ক। সে সময় তিনি বলেন, ‘তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার এ সম্মান আমার জন্য গৌরব ও আনন্দের। আমি ভীষণ আনন্দিত। আর এজন্য আমার ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি ভালোবাসা রইল। কারণ তাদের কারণেই আজ আমি চিত্রনায়ক শাকিব হতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘গৌরবোজ্জ্বল এ পুরস্কার তৃতীয়বারের মতো পাওয়ায় আমার দায়িত্ববোধের জায়গাটা আরও বেড়ে গেল। আর একটি বিষয় বলতে চাই, শুধু দায়িত্ববোধই নয় আমার কাজের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এ পুরস্কার। এ ভালোলাগা কাউকে বলে বুঝানো যাবে না।’

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী চলচ্চিত্র অভিনেত্রী শাবানা। অনুষ্ঠানস্থলে গুণী এ অভিনয়শিল্পীর সঙ্গে শাকিবের কিছু সময়ের কথা হয়েছিল বলে জানালেন এ চিত্রনায়ক। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শাবানা আপার সঙ্গে কিছু সময় আমার কথা হয়েছে। তিনি বলেছেন, দেখো যখন কেউ বড় হয়, তখন অনেক ঝড় সামনে আসে। তবে সেসব নিয়ে বসে থাকলে চলবে না। কাজ করে যেতে হবে। কারণ তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। বাকি সব শুধু আলোচনার বিষয় হয়েই থাকবে।’

পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন অপু বিশ্বাস, ফেরদৌস, মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, পপি, আইরিন, সাইমন ও নিপুণ। এবারের অনুষ্ঠানটি সমন্বয় করেছেন মিশা সওদাগর, পরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী।

২০১০ সালে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচিত্র পুরস্কার পান শাকিব খান। এরপর ২০১২ সালে শাহীন সুমনের ‘খোদার পরে মা’ সিনেমায় অভিনয়ের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫টি ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কার দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর