অদ্ভুত কায়দায় কফি বানানোর ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক : একটি টেবিলে সাজানে কয়েকটি গ্লাস। এর মধ্যে শুরুতে ঢালা হলো কফির প্যাকেট। এর একটু পর সামান্য ছিদ্র করা তরল দুধের প্যাকেট থেকে গ্লাসে ঢালা হলো দুধ।
সমান্তরালে রাখা সেই গ্লাসগুলোতে এবার দেওয়া হলো বরফকুচি। এর সামান্য পর স্টিলের একটি গ্লাস কাচের গ্লাসের ওপর দিয়ে এক হাতে সমানে ঝাঁকিয়ে নেওয়া হলো। তৈরি হয়ে গেল, এক গ্লাস কোল্ড কফি। ভাবছেন, বড় কোনো রেস্তোরাঁর ফর্মূলা? ভুল। অভিনয় এই কায়দায় কফি বানিয়ে লোকজনকে তাক লাগিয়ে দিচ্ছেন ভারতের এক যুবক। তাঁর সেই কফি বানানোর দৃশ্য এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাশিক শহরের বাসিন্দা চন্দ্রশেখর গালগেল তাঁর টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন।
এতে তিনি জানান, কেরালা রাজ্য থেকে এই ভিডিও ধারণ করেন তিনি। তবে কেরালার ঠিক কোথায় এই ভিডিও ধারণ করা হয়েছে, তা বলা হয়নি। ভিডিওটির বিভিন্ন সংস্করণ এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবেও প্রচারিত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টুইটারে প্রকাশিত ভিডিওটিতে ২ হাজার ৩০০ লাইক পড়েছে। এ ছাড়া এক হাজার ৯৪১ বার রিটুইট করা হয়েছে ভিডিওটি।
ভিডিওটি দেখে গিরিস মালিয়া নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি কী পূর্ণ ঠিকানা দিতে পারবেন? আমি যদি কখনো সেদিকে যাই, তাহলে অবশ্যই এই কফি পান করব।’
আনিশা নামে অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘প্রতিভাবান মানুষেরা ছোট অবস্থান থেকেও বিনোদন দিতে পারেন। সত্যিই অসাধারণ।’











