অভিনয় করায় সোসাইটি থেকে বহিষ্কার
বিনোদন ডেস্ক : এবার মুম্বাই শহরের একটি হাউজিং সোসাইটি থেকে একজন নায়িকাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হল। অথচ সবাই মুম্বাইকে একটি উদারমনা শহর হিসেবে জানে। আর এই শহরেই এমন ঘটনা ঘটেছে। বলিউড সিনেমা হিরোপন্তী-র অভিনেতা টাইগার শ্রফের আগামী সিনেমার নাম মুন্না মাইকেল। এই সিনেমার মাধ্যমে নিধি অগ্রবাল নামে একজন অভিনেত্রী বলিউডে পা রাখতে চলেছেন। এবার সেই নিধিই পুলিশগিরির শিকার! তাঁকে মুম্বাইয়ে ভাড়া বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল।
মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাড়িতে ভাড়া থাকতেন নিধি। সেখানকার হাউজিং সোসাইটি নিধিকে বাড়ি ছাড়তে বলেন। তাদের বক্তব্য, বাড়িতে একা থাকেন নিধি। এভাবে কোনও মেয়ের একা থাকা বরদাস্ত করা হবে না। এছাড়াও নিধির সিনেমায় কাজ করা নিয়েও সোস্যাইটির আপত্তি রয়েছে বলে জানা গেছে।
নিধি বলেছেন, গত ছয়মাস ওই বাড়িতে ছিলেন। এখন থাকার জন্য নতুন বাড়ি খুঁজছেন তিনি। তাঁকে এভাবে বাড়ি ছাড়তে বলা নিয়ে বিস্ময় ছড়িয়েছে। কারণ, মায়ানগরী সব ধরনের মানুষের বসবাসের পক্ষে উপযুক্ত বলে মনে করা হয়।
নিধি ওই বাড়িতে তাঁর এক বন্ধুর সঙ্গে ছিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, একা একটি মেয়ের বাড়ি ভাড়া নিয়ে থাকায় সোস্যাটির আপত্তি ছিল। এরসঙ্গে আরও একটি খবর জানা গেছে যে, মুম্বাইয়ের বেশ কয়েকটি সোসাইটি সিনেমায় কাজ করেন, এমন কাউকে বাড়ি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আসলে শুধু মুম্বাই বা ভারতই নয়। সারা বিশ্বে ছবিটা একই। সমাজে লিঙ্গবৈষম্য, জাতপাত, ধর্ম নিয়ে ভেদাভেদ সমানেই চলছে।
এরইমধ্যে মুম্বাইয়ের একটা আলাদা পরিচিতি রয়েছে। এখানে কোনও বিশেষ কারণে ভেদাভেদের মুখে পড়তে হয় না। কিন্তু এখানেও মাঝেমধ্যেই এ ধরনের বৈষম্যের খবর প্রকাশ্যে আসে, যা আদৌ সুখকর নয়।











