সালমানের বডিগার্ডের চোখ ধাঁধানো আয়
বিনোদন ডেস্ক :বলিউডের অন্যতম ‘খান’ সালমন নয়, ইদানীং ওয়েব-জগৎ যাঁকে নিয়ে বিশেষ ব্যস্ত হয়ে পড়েছে, তিনি সল্লু মিয়াঁর দেহরক্ষক। সম্প্রতি তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন পপ তারকা জাস্টিন বিবারের মুম্বই সফরের সময়ে দেহরক্ষী হিসেবে অবতীর্ণ হওয়ার জন্য।
কেবল বিবার নন, শেরা নামে পরিচিত এই বৃষস্কন্ধ বীর অতীতে মাইকেল জ্যাকসন, জ্যাকি চ্যান, ইউল স্মিথ প্রমুখ আন্তর্জাতিক সেলিব্রিটির এবং বলিউড-সম্রাট অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবেও কাজ করেছেন।
এক শিখ পরিবারের সন্তান শেরার আসল নাম গুরমিত সিংহ। বডি বিল্ডার হিসেবে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন এবং মিস্টার মুম্বাই-সহ বেশ কিছু খেতাব পকেটস্থ করেন। মিস্টার মহারাষ্ট্র প্রতিযোগিতায় তিনি এক বার দ্বিতীয় স্থান লাভ করেছিলেন বলেও জানা যায়। গত দু’দশক তিনি সালমন খানের দেহরক্ষী হিসেবে কাজ করছেন।
সম্প্রতি ‘বিজনেস অফ সিনেমা’ নামক এক মাধ্যম ফাঁস করেছে শেরার আয়ের পরিমাণ। সলমনের বডিগার্ড হিসেবে তিনি মাসিক বেতন পান ১৫ লক্ষ টাকার কিছু বেশি, অর্থাৎ তাঁর বাৎসরিক আয় ২ কোটি টাকার কাছাকাছি।
আয়ের পরিমাণ শুনে চোখ কপালে তোলার আগে অবশ্য ভেবে দেখা দরকার ভদ্রলোকের কাজের ধাঁচাটা। দেশের অন্যতম জনপ্রিয় তারকা, যিনি রাস্তা-ঘাটে বেরলেই মব্ড হতে থাকেন, তাঁর সুরক্ষা বিধান করা সহজ কাজ নয়। তবে এ কথাও জানা গিয়েছে যে, কেবল ‘দেহ-রক্ষা’ নয়, সালমনের সঙ্গে শেরার সম্পর্কও অতি মধুর। শেরার পুত্র টাইগারের গ্রুমিংয়ের দায়িত্ব সালমন নিজের হাতেই রেখেছেন। টাইগার এখন বিভিন্ন ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। ‘সুলতান’ ছবিতে টাইগার স্বয়ং সল্লুভাইকেই অ্যাসিস্ট করেছেন।











