ফের বিজ্ঞাপনে মিম
বিনোদন প্রতিবেদক : নাটকে এখন অতিথি শিল্পীর মতোই মাঝে মধ্যে হাজির হন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। তবে বিজ্ঞাপনচিত্রের কাজটি আগের মতোই করছেন। গতকাল নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করলেন মিম। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ফুটওয়্যারের বিজ্ঞাপনচিত্র এটি। গতকাল ভোর থেকে শুটিং শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেক দেরীতে কাজটি শুরু হয়। নির্মাতা জানান, এই বিজ্ঞাপনে মিমের সঙ্গে একজন ক্রিকেটারকেও দেখা যাবে। তবে কে হবেন সেই ক্রিকেটার, তা এখনো চূড়ান্ত হয়নি। তাই আপাতত মিমই শুটিং করছেন। পরবর্তীতে ক্রিকেটারের শুটিং হবে। বিদ্যা সিনহা মিম বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে আমি সবসময়ই ভীষণ চুজি। আমার কাজগুলোর দিকে ভালোভাবে খেয়াল করলেই তা সহজে অনুমেয়। আমি যে কাজই করি না কেনো, যথেষ্ট আন্তরকিতা নিয়েই তা করি। কারণ আমি মনে করি, যেহেতু কাজ করার সম্মতি জানিয়েছি, সুতরাং কাজটা আমাকে গুরুত্ব দিয়েই করতে হবে। ঘুম থেকে ওঠা, শুটিংয়ে যাবার জন্য প্রস্তুত হওয়া, লোকেশনে পৌঁছানো, মেকআপ নেয়া, এবং সর্বোপরি ক্যামেরার সামনে দাঁড়ানো-সবকিছুর মধ্যেই আমার আরাধনা থাকে, থাকে আন্তরিকতা। আমি মনেপ্রাণে একজন শিল্পী। একজন শিল্পী হিসেবেই আজীবন কাজ করে যেতে চাই।’ এদিকে দু’তিন দিনের মধ্যে মিমের আরও একটি নতুন বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে। এর বাইরে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় মিম অভিনয় করছেন ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে। এতে তার বিপরীতে আছেন বাপ্পী। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন নাদের খান। পাশাপাশি মিম এরইমধ্যে শেষ করেছেন সৈকত নাসিরের ‘পাষাণ’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার ওম।











