শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা ভালোবাসা

news-image

প্রেম মানেই যেন লুকোচুরি গল্প। সামাজিক অবস্থান, লোকের কটু কথা সব পেছনে ফেলেই এগিয়ে যায় শাশ্বত এ সম্পর্ক। বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে নানা আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী নামক গ্রহের আমূল পরিবর্তন সাধিত হলেও ভালোবাসার সম্পর্ক পৃথিবীর শুরুতে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। সাধারণত দুটি মনের ভাবনাগুলো যখন এক সুতায় বাঁধা পড়ে, একে অপরকে অনুভব করা শুরু করে, তখনই সূচিত হয় এ পবিত্র সম্পর্ক। মিডিয়ার কয়েকজন তারকার প্রথম ভালোবাসার টুকরো স্মৃতি নিয়েই ভালোবাসা দিবসের এ আয়োজন

আসিফ আকবর, সঙ্গীতশিল্পী
ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নেই বলে মনে করি। ভালোবাসা সবসময়ই অনুভবের বিষয়। আমার পরিবার থেকে এ শিক্ষা পেয়েছি। আমার বাবা ছিলেন প্রেমিক পুরুষ। তার ছেলে হিসেবে আমিও জীবনে বহুবার প্রেমে পড়েছি। এখনও পড়ি প্রতিনিয়ত। প্রথম প্রেমের কথা ঠিক মনে পড়ছে না। তবে এখন একজনের প্রেমে পড়েছি। যার সংগ্রাম আমাকে মুগ্ধ করেছে। এটিই এখন আমার কাছে প্রথম প্রেম। এ মেয়েটিকেই এখন আমি অনেক ভালোবাসি।

পূর্ণিমা, চিত্রনায়িকা
জীবনের প্রথম প্রেমে পড়ি বলিউড অভিনেতা সালমান খানের। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিটি দেখে তার প্রতি আমার এতটাই মুগ্ধতা ভর করে যে তার প্রেমে পড়ে যাই। যদিও প্রেমটি একতরফা। বিষয়টি নিয়ে অনেকেই টিপ্পনি কাটতেন ওই সময়; কিন্তু এতে আমার একটুও খারাপ লাগত না। কারণ তখন নিজেকে সালমান খানের প্রেমিকাই মনে হতো। এরপর কলেজে পড়াকালীন এক ছেলের প্রেমে পড়ি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাকেও আমার ভালোবাসা কথা জানাতে পারিনি। আমার মনে হয় পৃথিবীর সব মানুষই তার প্রথম ভালোবাসার মানুষটির বেলায় একটু ভীতু থাকে।

বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা
অষ্টম শ্রেণীতে পড়াকালীন প্রেমের সঙ্গে পরিচিত। কারণ সে সময় অনেকেই আমার প্রেমে হাবুডুবু খেত। একজন তো কোচিং সেন্টারের সিঁড়িতে প্রতিদিন আমার জন্য অপেক্ষা করত। আমাকে প্রতিদিন একটা করে চিঠিও দিত। আমি চিঠি না নিলে সেও সিঁড়ি থেকে সরতো না। তাই বাধ্য হয়েই প্রতিদিন তার লেখা চিঠি আমাকে নিতে হত। ওই ছেলেকে আমার কাছের এক বান্ধবীও পছন্দ করত। আমাকে দেয়া চিঠিগুলো বান্ধবীই নিজ দায়িত্বে নিয়ে নিতেন। ছেলেটি মাঝে মাঝেই নিজের রক্ত দিয়ে চিঠি লিখে নিয়ে আসত। মিডিয়ায় আসার পর ওই ছেলের সঙ্গে আর দেখা হয়নি।

জাকিয়া বারি মম, অভিনেত্রী
আমার প্রথম প্রেমে একটু ভিন্নতা ছিল। তখন কলেজে পড়ি। ওই সময় হৈমন্তী চরিত্রটি আমাকে প্রচণ্ড আকর্ষণ করেছিল। গল্পটি পড়েই আমি সেই চরিত্রের প্রেমে পড়ে যাই। তবে বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের ডিপার্টমেন্টের এক সিনিয়র ভাইয়ের প্রেমে পড়েছিলাম। ক্যাম্পাসের মধ্যে ভাইয়াটি অনেক ভদ্র ও মেধাবী ছাত্র ছিলেন। তবে মজার কথা হচ্ছে আমার ভালোবাসার কথা কখনও তাকে বলতে পারিনি। তিনিও কোনোদিন আমার ভালোবাসার কথা বুঝতে পারেননি। তাই এটাকে একতরফা প্রেমই বলি। কারণ প্রেমটা সম্পূর্ণ আমার নিজের মধ্যেই ছিল।

আজমেরি হক বাঁধন, অভিনেত্রী
ভালোবাসা আমার কাছে স্বর্গীয়। জীবনে ৩-৪ বার প্রেমে পড়েছি; কিন্তু বরাবরই এ ব্যাপারে আমার খারাপ রুচির প্রমাণ মিলেছে। তাই কখনোই সিরিয়াস হইনি। প্রথম প্রেমে পড়েছিলাম ক্লাস থ্রিতে পড়ার সময়। আমাদের ক্লাসের ফার্স্টবয়কে খুব ভালো লাগত। ওটাই মনে হয় প্রেম; কিন্তু তাকে কিছু বলা হয়নি। বড় হওয়ার পর কখনও ভালোবাসা দিবস বিশেষভাবে পালন করিনি। নিজের মতো করেই থাকতে পছন্দ করি। তবে মেয়ে হওয়ার পর মেয়েকে ঘিরেই সবকিছু আমার। আজ মেয়েকে নিয়ে ঘুরতে বের হব সকালে। কোনো কাজের ব্যস্ততা রাখিনি আজ।

মাহিয়া মাহি, চিত্রনায়িকা
আমি তখন বেশ ছোট। স্কুলে যাওয়া শুরু হয়নি তখনও। সে সময় আমাদের পাশের বাসার একটা ছেলে সবসময় আমার সঙ্গেই থাকত। গায়ের রঙ বেশ কালো ছিল ছেলেটার। আমার মনে হয় প্রথম আমি তার প্রেমেই পড়েছিলাম। তখন এটা বুঝতে পারিনি। ক্লাস সেভেনে উঠে বুঝেছিলাম সে ছেলেটিই আমার প্রথম প্রেম। ততদিনে চোখের আড়াল সে। কখনও আর দেখা হয়নি। ছোট বেলা থেকে কালো ছেলেদের পছন্দ করতাম আমি। তাদের মুখে অনেক মায়া দেখতে পেতাম। তাই প্রথম প্রেমের স্মৃতি হাতড়ালে ছোটবেলার ওই ছেলেটির মুখটিই মনে পড়ে।

সাইমন সাদিক, চিত্রনায়ক
কলেজে পড়াকালীন পাশের এলাকার একটা মেয়েকে ভালো লাগত। মেয়েটি তখন স্কুলে পড়ে। বিভিন্ন উসিলায় মেয়েটিকে দেখতে যেতাম। তার স্কুল ও কোচিংয়ের পথে হাঁটাহাটি করতাম। প্রতিদিন সকাল-বিকাল মেয়েটির স্কুল ও কোচিংয়ের সামনে দাঁড়ানোটা যেন রুটিন ছিল। তবে সাহস করে আমার পছন্দের কথা বলতে পারিনি। মেয়েটি বুঝত তাকে পছন্দ করি। একদিন মেয়েটি নিজেই আমাকে বলে সেও আমাকে পছন্দ করে। এরপর থেকেই মেয়েটির প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। পরে আমি ঢাকায় চলে আসি। এরপরে মেয়েটির সঙ্গে আমার দেখা হয়নি।

আঁচল, চিত্রনায়িকা
আমি তখন নবম শ্রেণীতে পড়ি। বড় ভাইয়ের একজন বন্ধু আমাদের সঙ্গে কোচিংয়ে পড়ত। কিছুদিন পর বুঝতে পারি, ভাইয়ার ওই বন্ধু আমাকে পছন্দ করে। এর মধ্যে আমিও তাকে পছন্দ করতে শুরু করেছি। আমার বান্ধবী রিপাও ছেলেটিকে পছন্দ করে। বান্ধবীর আগেই আমি ছেলেটিকে আমার ইচ্ছার কথা জানাই। শুরু হয় আমাদের প্রেম। কিছুদিন পর ভাইয়া জানতে পেরে আমাকে খুব বকা দেন। আমার কোচিংয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। একদিন ছেলেটি আমাকে দেখার জন্য সকাল থেকে সারা দিন বাসার নিচে বৃষ্টিতে ভিজে ছিল। এরপর ছেলেটির সঙ্গে আর কখনও দেখা হয়নি।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের