শিল্পী সংঘের নতুন সভাপতি সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব
নাটক-টেলিফিল্মের শিল্পীদের বৃহৎ সংগঠন শিল্পী সংঘের নির্বাচনে সদ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদুল আলম সাচ্চু। অন্যদিকে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন আহসান হাবিব নাসিম।
এই প্রতিবেদকের সঙ্গে অভিনেতা ও নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান চুড়ান্ত ফলাফল নিয়ে কথা বলেন।
গতকাল শুক্রবার দিনব্যাপী নির্বাচন, রাতে কিছুটা উত্তপ্ত অবস্থা, সিদ্দিকের আহতের খবর এবং ভোটের ফলাফলহীনতায় কেটেছে পরের ১৫ ঘণ্টা। সবশেষ শনিবার দুপুরে একাধিক মাধ্যম থেকে নির্বাচনের ফলাফল আসতে থাকে।
সভাপতি পদে শহীদুল আলম সাচ্চুর নিকটতম অবস্থানে ছিলেন ডি এ তায়েব, এরপর তৃতীয় অবস্থানে ছিলেন শহীদুজ্জামান সেলিম।
সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিমকে নির্বাচন করা হয়েছে। সেইসঙ্গে যুগ্ন সাধারণ সম্পাদকের দুটি পদ পেয়েছেন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান। অনানুষ্ঠানিকভাবে রওনক বেলা ১১টার দিকে নিজের বিজয়ের ঘোষণা দেন ফেসবুকে।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন, ও তানভীন সুইটি। এমনটাই জানালেন অভিনেতা রওনক হাসান।
সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত হয়েছেন।

এদিকে কার্য নির্বাহী পরিষদের সদস্য হিসাবে- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, শেখ মেরাজুল ইসলাম ও সেলিম মাহবুব জয়লাভ করেছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, গতকার ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায়, চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১২টি পদে ২৪টি আসনের জন্য লড়াই করছেন ৫০ অভিনয়শিল্পী।











