‘আমাকে দিয়ে চুরি করানোটা সহজ ছিল’
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় ছোটবেলার স্মৃতিচারণ করেন জয়া।

স্মৃতিচারণ করতে গিয়ে জয়া আহসান বলেন, ‘আমি যখন ক্লাশ ফোরে পড়তাম তখন হোস্টেলে থাকতাম। ওখানে আমি জুনিয়র ছিলাম। বড় আপুরা তখন ক্লাশ নাইন-টেনে পড়তেন। পূজার সময় প্রসাদ দেয়া হতো। ওই সময় ওরা (আপু) নিজেরা চুরি না করে আমাকে দিয়ে প্রসাদ চুরি করাত। আর আমিও তা করতাম। বিশেষ করে এই মজাটা দূর্গা পূজার সময় হতো।’
‘আমি তখন দেখতে ভোলাভালা নিষ্পাপ চেহারার ছিলাম। আমার মতো মেয়ে যে চুরি করতে পারে চেহারা দেখে এটা কেউ বিশ্বাসই করত না। তাই আমাকে দিয়ে চুরি করানোটা সহজ ছিল। তবে যা চুরি করতাম আপুরা তার সবই নিয়ে যেত।’ ছোটবেলার মধুর সময় কাটানোর কথা এভাবেই বলেন জয়া।
ছোটবেলার অনেক স্মৃতিই আজও নাড়া দেয় জয়াকে। কোনো স্মৃতিই ভোলার নয়। ওই দিনগুলো খুব ভালো ছিল। আজও ছোটবেলার সোনালি দিনগুলো খুব মনে পড়ে বলেও জানান এই অভিনেত্রী।
কিছু দিন আগে ‘ভালোবাসার শহর’ শিরোনামের একটি শর্ট ফিল্মে কাজ করেছেন জয়া। শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন ইন্দ্রনীল। এটিই জয়ার প্রথম শর্ট ফিল্ম। আগামী বছর মার্চের দিকে এই শর্ট ফিল্মটি ইউটিউবে মুক্তি পাবে। এদিকে ‘বিসর্জন’ শিরোনামে কলকাতার একটি সিনেমায় কাজ করছেন তিনি। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করছেন আবির চ্যাটার্জি।
তাছাড়া বাংলাদেশি নির্মাতা নূরুল আলম আতিক নির্মাণ করছেন ‘লাল মোরগের ঝুটি’ শিরোনামের একটি সিনেমা। এতেও অভিনয় করছেন জয়া। কিছুদিন আগে দেশে এসে এ সিনেমার শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী।











