রহস্য বাড়ি থেকে গুপ্তধন পাওয়ার আশা শ্রমিকের (ভিডিও)
ভেঙে ফেলা হচ্ছে জাহাজবাড়ি। রহস্যঘেরা বাড়িটির রহস্য রয়েই গেল। কারা এবাড়িতে আসতেন, কার সাথে দেখা করতেন বা কি হতো এবাড়িতে সে প্রশ্ন মানুষের মনে রয়েই গেল। ১৯৯৩ সাল থেকে ১৯৯৪ সালের মধ্যে তৈরি করা হয় সৌন্দর্যম-িত চারতলা এবাড়িটি। বাড়িটির গেইটে ইংরেজিতে চিশতীয়া প্যালেস লিখা থাকলেও সাধারণ মানুষের কাছে বাড়িটি জাহাজ বাড়ি নামেই পরিচিত। আবার অনেকে বাড়িটিকে খ্রিস্টান বা ইহুদী ধর্মের উপাসনালয়ও মনে করতেন।
জানাযায় সুফী মতবাদে বিশ্বাসী শের এ খাজা এবাড়িটির মালিক ছিলেন। তার আসল নাম এ কে এম আনোয়ারুল হক চৌধুরী । ২০১১ সালে তিনি মৃত্যূবরণ করেন। শের এ খাজার দেশে বিদেশে অনেক প্রভাবশালী মুরিদ ছিল। তার সাথে দেখা করতে বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী, মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিরা আসতেন। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো বাংলাদেশ সফরে আসলে তিনিও শের এ খাজার সাথে দেখা করতে একাই এ বাড়িতে প্রবেশ করেন। একজন প্রধানমন্ত্রীর কোন নিরাপত্তারক্ষী ছাড়া ভেতরে প্রবেশ করার বিষয়টি সেসময় সব মহলে ব্যাপক আলোচনা হয়। মূলত বেনজীর ভুট্টোর সাথে শের এ খাজার দেখা করার পরেই এই বাড়িটি আলোচনায় উঠে আসে।
০১ সম্প্রতি ধানমন্ডির লেকপাড়ে সৌন্দর্যম-িত বাড়িটি ভেঙ্গে সেখানে বহুতল ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেয় তার উত্তরাধীকাররা। চার মাস যাবৎ বাড়িটি ভাঙ্গার কাজ চলছে। তবে এতো সুন্দর বাড়িটি ভেঙ্গে ফেলায় মর্মাহত হয়েছেন লেকপাড়ে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ। শের এ খাজার ছেলেদের সিদ্ধান্তে খুশি হতে পারেন নি স্থানীয়রাও।
১১ বছর ধরে জাহাজবাড়ির সামনে দোকান করছেন আসলাম। তিনি বলেন, এই বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসত। এখানে কারা বসবাস করতেন তা নিয়ে আমারো প্রশ্ন। ১১ বছরে তেমন কোনো মানুষকে এ বাড়িতে আসা যাওয়া করতে দেখিনি। অনেক দর্শনার্থী ঘুরতে এসে জিজ্ঞস করেন- এটা কী কোনো গীর্জা নাকি মসজিদ। প্রথম দেখাতে কেউ মনে করেন না এটি আবাসিক বাড়ি। বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকেই তার সন্তানরা এটা দেখাশুনা করছে। মনে হয় তার সন্তানরা দেশের বাইরে থাকেন।
জাহাজবাড়ি দেখতে আসা জেসমিন নামে এক দর্শনার্থী বলেন, এই বাড়ি দেখার জন্য আমি প্রায়ই এখানে আসতাম। কিন্তু এখন তা ভেঙে ফেলা হচ্ছে। বাড়িটি ভাঙার দৃশ্য দেখে আমার মনে কষ্ট লাগছে। কেন ভাঙা হচ্ছে এতো সুন্দর বাড়ি?
স্থানীয়রা বলছেন, আবাসিক ধানমন্ডি এলাকায় এ বাড়িটি সবাই এক নামে চিনে। বাড়িটিকে জাহাজবাড়ির নামে সবাই ডাকেন। বাড়িটির মালিক শেরে এ খাজা মারা যাওয়ার পর তার ছেলে দেখাশুনা করছেন। তবে কেন তার ছেলে এত সুন্দর বাড়ি ভেঙে ফেলছে তা স্থানীয়দের বোধগম্য হচ্ছে না। শোনা যাচ্ছে বাড়িটি ডেভেলপার কোম্পানিকে দেওয়া হয়েছে। তারা সেখানে ১৪ তলা ভবন নির্মাণ করবে।
স্থানীয় একজন বলেন, বাড়িটিকে অনেকে ভূতের বাড়ি কিংবা গীর্জা মনে করতেন। এখানে যারা থাকতেন তারা স্থানীয়দের সাথে ততটা মিশতেন না। অনেকে আবার এ প্রশ্নেও করে থাকেন এটা কী কোনো গোয়েন্দা সংস্থার বাড়ি। তিনি বলেন, রহস্যময় বাড়িটি এখন ভেঙে ফেলা হচ্ছে, মানুষের মনে আর কোনো রহস্যের বার্তা উকি দেবে না। রাজধানী থেকে দিন দিন যেন সৌন্দর্য হারিয়ে যাচ্ছে।
জাহাজবাড়ি ভাঙ্গার কাজে জড়িত শ্রমিক হাফিজুল ইসলাম বলেন, সাড়ে ৪ মাস ধরে প্রায় প্রতিদিন ৩০ জন শ্রমিক কাজ করেছেন। এর পরেও ভাঙার কাজ শেষ হয়নি। আরো ৩ মাস লাগবে। আমরা বাড়ি ভাঙ্গছি তা দেখার জন্য মাঝে মাঝে বাড়ির মালিক পক্ষ থেকে লোকজন এখানে আসেন। তবে জাহাজবাড়ির মালিকের সঙ্গে আমাদের কোনো দিন দেখা হয়নি। শুনেছি তিনি দেশের বাইরে থাকেন।
০৩
হাফিজুল ইসলাম আরো বলেন, জাহাজবাড়িটি ভাঙতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। অন্য সকল সাধারণ বাড়ির মতো এ বাড়িটি নির্মাণ করা হয়নি। বাড়িটি ভেঙে বহুতল ভবন তৈরি করা হবে। বাড়ি ভাঙার প্রথম থেকে আমি ছিলাম না। প্রায় আড়াই মাস ধরে ভাঙার কাজ করছি। ভাঙতে গিয়ে আমি বুঝতে পেরেছি এটা অনেক পুরানো বাড়ি। বাড়ি দেখতে খুব সুন্দর ছিল। বাড়ির ভেতর কয়েকটা গম্বুজ ছিল। শুধু মাত্র এই একটা গম্বুজ ভাঙতে প্রায় দেড় লাখটা ব্যয় হয়েছে।
আজিজুল রহমান নামে আরেক শ্রমিক বলেন, জাহাজবাড়িটি ভাঙার শুরু থেকেই আমি এখানে কাজ করছি। প্রথম অবস্থায় কাজ করতে আমার ভয় লেগেছে। এটা ভূতের বাড়ির মনে হত। আমি যখন একা একা থাকতাম ভয় পেতাম। আবার মনে মনে ভাবতাম বাড়িটি ভাঙতে গিয়ে হয়তো কোনো গুপ্তধন পাব। কিন্তু প্রায় সাড়ে ৪ মাস ধরে বাড়িটি ভাঙছি কোনো ধরনের গুপ্তধন পায়নি। বাড়ি ভাঙা শেষ পর্যন্ত আমি থাকব দেখি কোনো মূল্যাবান সম্পদ পাই কিনা। জাহাজবাড়িটি ভাঙা নিয়ে আমারো প্রশ্ন এত সুন্দর বাড়িটি কেন ভাঙা হচ্ছে ?











