সাঈদী খালাস পাবেন, আশা তার আইনজীবীদের
নিউজ ডেস্ক : জামায়াতের আমির দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ (রায়ের পুনর্বিবেচনা) আবেদন করার আইনগত বৈধতা নেই মন্তব্য করে তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘রিভিউয়ের রায়ে আমরা বিজয়ী হব, সাঈদী সম্পূর্ণভাবে খালাস পাবেন।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাঈদীর খালাস চেয়ে রিভিউ আবেদনের পর সংবাদ সম্মেলন করে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘যদি কোনো অভিযোগে অপরাধ প্রমাণিত হয়, সেই অপরাধের সাজা কী দেবেন সেটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ বিষয়ে রিভিউ করার রাষ্ট্রপক্ষের কোনো আইনগত বৈধতা নেই।’
তিনি বলেন, ‘অযথা চাপ সৃষ্টির জন্যই সরকার সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে এ রিভিউ আবেদন করেছেন।’
সংবাদ সম্মেলনে সাঈদীর ছেলে জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আমৃত্যু কারাদন্ড থেকে খালাস চেয়ে রোববার রিভিউ আবেদন করেন সাঈদী। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।
অপরদিকে গত ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের ৩০ পৃষ্ঠার মূল আবেদনে ৫টি গ্রাউন্ড দেখানো হয়।











