প্রেমের টানে পিকে মহানন্দিয়ার সঙ্গে সাইকেল চেপে ভারত থেকে ইউরোপে
সেই ১৯৭৫ সালের কথা। ভারতীয় চিত্রকর পিকে মহানন্দিয়ার সঙ্গে শার্লটের প্রথম দেখা হয়েছিল শীতের এক বিকালে। মহানন্দিয়া সেই সময়ের একজন স্কেচ শিল্পী। খুব বেশি স্বনামধন্য না হলেও অনেক পর্যটকরা ভারতে আসলে তার কাছে ছবি আঁকাতেন। শার্লটও যখন সুইডেন থেকে ভারতে আসে তখন সে মহানন্দিয়াকে তার একটি ছবি স্কেচ করার জন্য অনুরোধ করেন। মহানন্দিয়ার স্কেচ করা ছবি দেখে সন্তুষ্ট হতে পারলেন না শার্লট। পরদিন সকালে এসে দুঃখভারাক্রান্ত কন্ঠে বললেন, আপনার এই ছবিটি প্রমাণ করলো আমি সুন্দর না।
এদিকে ১৯ বছরের শার্লটের মন খারাপ দেখে মহানন্দিয়া যেন চট করেই প্রেমে পড়ে গেলেন তার। শার্লটের মন ভালো করার জন্য মায়ের দেয়া এক ভবিষ্যৎবাণীর কথা বলতে লাগলেন তাকে। তার ভাষ্যমতে ‘আমার মা আমার জন্মের সময় একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে, আমার সঙ্গে দেখা করতে একজন সুন্দরী রাজকুমারী আসবে যেকিনা বনে বাস করে। যার রাশি হবে বৃষ এবং একই সঙ্গে সে ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারবে’। মহানন্দিয়ার মায়ের ভবিষ্যৎবাণী যেন হুবহু মিলে যাচ্ছিল শার্লটের সঙ্গে। আর সেই কথা শুনে আর কি বসে থাকা যায়। কোন দিক বেদিক বিবেচনা না করে মহানন্দিয়া ভালোবাসার প্রস্তাব দিয়ে বসলো শার্লটকে।

মহানন্দিয়ার প্রেম প্রস্তাব উপেক্ষা করতে পারেনি শার্লট। মহানন্দিয়া শার্লটের সৌন্দর্য্যে আর শার্লট মহানন্দিয়ার সরলতায় মুগ্ধ হয়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। কিন্তু এই ভালোবাসা কি সফল হওয়া সম্ভব! কোথায় শার্লট ধনী বাবার মেয়ে আর মহানন্দিয়া উরিষ্যায় জন্ম নেয়া এক গরিব পরিবারের সন্তান। উরিষ্যার কথা পাঠ্য বইয়ে অনেক শুনেছে শার্লট তাই মহানন্দিয়ার বাড়ি সেখানে হওয়াতে তা দেখার আগ্রহ প্রকাশ করলেন তিনি। মহানন্দিয়ার বাবা-মা ছেলের প্রেম কাহিনী শুনে উরিষ্যার প্রচলিত প্রথায় বিয়েও দিয়ে দেন দুজনকে। কিন্তু বিয়ের একদিন পরেই চলে যেতে হয় শার্লটকে।
সুইডেন গিয়ে চিঠির আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ হতে থাকে এই দুই প্রেমিক-প্রেমিকার। তবে এভাবে নিজের পছন্দের মানুষকে ফেলে কি আর দূরে থাকা যায়। মহানন্দিয়া সিদ্বান্ত নিলেন যে কোন উপায়ে সুইডেনে শার্লটের কাছে যাওয়ার। কিন্তু ইউরোপ যাওয়াতো আর সহজ কথা নয়। স্কেচ করে তিনি যে অর্থ উপার্জন করতেন তা দিয়ে প্লেনের টিকিট জোগাড় করা মোটেই সম্ভব না। তাই বলে কি আর বসে থাকা যায়। ইউরোপে যাওয়ার জন্য পৈতৃক সম্পত্তির সবটুকুই বিক্রি করে দিলেন তিনি। কিন্তু এরপরও যেন কিছুই হচ্ছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন একটি সাইকেল কেনার এবং সেই সাইকেলে করেই সূদুর ইউরোপে পাড়ি দেবার। আঁকা ছবি ও তুলি সম্বল করে সেই সাইকেলে করে তিনি যাত্রা করলেন ইউরোপের পথে।

গন্তব্য সুইডেন, সাল ১৯৭৮। নয়াদিল্লি থেকে অমৃতসর দিয়ে আফগানিস্তান, ইরান, তুরস্ক, বুলগেরিয়া, যুগোশ্লাভিয়া, জার্মানি, অস্ট্রিয়া পেরিয়ে পৌছে যান ডেনমার্ক সীমান্তে। পথে বেশ কয়েকবার সাইকেল ভেঙেছে, অনেকদিন পেটে খাবারও জোটেনি তার। আবার অনেক দেশের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ভাষা সমস্যায়ও পড়তে হয়েছে তাকে। সেই ক্ষেত্রে ছবি এঁকে তাদের সঙ্গে চলতো আলাপচারিতা। অনেকে আবার অর্থ দিয়ে সাহায্য করেছে তাকে। তবে বলা বাহুল্য যে, সেই সময়টাতে ইউরোপের দেশগুলোতে যেতে ভিসা লাগতো না। অবশেষে চার মাস তিন সপ্তাহ পথ পাড়ি দিয়ে সুইডেনের গুটেনবার্গে পৌঁছান তিনি। পরে শার্লট তার গুটেনবার্গে আসার কথা জানতে পেরে সেখান থেকে নিয়ে যান তাকে। শার্লটের প্রতি ভালোবাসার এতো তীব্র টান দেখে তার বাবা-মা সুইডেনের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে দুজনের বিয়ের সম্মতি দেন।
শার্লটকে বিয়ের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তার। তিনি এখন সুইডেনের ভারতের উড়িষ্যা সাংস্কৃতিক জোটের দূত হিসেবে কাজ করেন। ৪০ বছরের দাম্পত্য জীবনে তার এবং শার্লটের রয়েছে দুটি সন্তান। এখন মাঝে মধ্যে গ্রামে আসেন তিনি। পুরো উড়িষ্যা জুড়ে রয়েছে তার সুনাম। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘ভালোবাসার কাছে কোন কিছুই বাধা হতে পারে না। আমি বুঝি না কেন সবাই মনে করে সাইকেলে চড়ে ইউরোপ পাড়ি দেয়া একটা বিরাট ব্যাপার। আমি এটা করতে বাধ্য হয়েছি কারণ, আমার কাছে কোন অর্থ ছিল না। কিন্তু তার সঙ্গে আমার দেখা করতেই হবে। আর মূল কথা হলো, আমি ভালোবাসার জন্য ঘুরেছি কিন্তু কখনো ভালোবাসাকে ঘোরাইনি’।












