বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের জবাবদিহিতা কেন !

mashu-400x297দেশে বিভিন্ন সময়ে পুলিশের দ্বারা হয়রানি ও নির্যাতনের যে সব অভিযোগ উঠছে সেগুলোর বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা কমে আসবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা গোলাম রাব্বিকে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে নির্যাতনের বিষয়টি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে পুলিশের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করছেন। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, নির্দ্বিধায় বলা যায়, সরকারি তরফ থেকে আমরা যে পরিসংখ্যান দেখতে পাই বা মানবাধিকার কর্মীরা যে পরিসংখ্যান প্রকাশ করে তাতে পুলিশের নির্যাতনের পূর্ণাঙ্গ চিত্র ধারণ করা সম্ভব হয় না। বাস্তবে পুলিশের নির্যাতনের ঘটনা অনেক বেশি ঘটে।

তিনি বলেন, ঘটে যাওয়া সব ঘটনা পত্রিকায় আসে না। যে সব ঘটনা পত্রিকায় আসে এবং যে ঘটনার দ্বারা মানুষ সোচ্চার হয় বা পত্র-পত্রিকায় একটা অবস্থান তৈরী করে অর্থাৎ চাপ প্রয়োগ করে, শুধু সেই ধরনের ক্ষেত্রে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। আবার কখনো কখনো ঐ ঘটনা নিয়ে আদালতে যেতে হয় ভুক্তভোগীদের বা ভুক্তভোগীর পক্ষে মানবাধিকার কর্মীদের। নূর খান লিটন আরও বলেছেন, পুলিশের এ ধরনের আচরণে জনমনে একধরনের ভীতি কাজ করছে, জনগণ আতঙ্কের মধ্যে থাকে। পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃত্বকে ঠিক করতে হবে যে তারা কেমন পুলিশ বাহিনী চান! পুলিশকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের সম্পদকে রক্ষা করার জন্য। কিন্তু কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ বাসায় ফেরার সময় সন্ত্রাসী, চোর, ডাকাত, ছিনতাইকারীদের যেমন ভয় পাই তেমনি পুলিশকে যেন না ভয় পাই! পুলিশের অবস্থান যেন ওদের জায়গায় না হয়।
বিভিন্ন সময়ে পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়েও সন্দেহ রয়েছে। পুলিশ কর্তৃপক্ষ দাবী করছে কোন প্রকার আইনের পরিপন্থি কোন কিছু হলেই অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তার পরেও পুলিশের হয়রানি ও নির্যাতনের অভিযোগ কমছে না।

এ প্রসঙ্গে পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নূরুল হুদা বলেছেন, বিভিন্ন পর্যায়ে পুলিশের কার্যক্রম যাচাই-বাছাই করা যায়। এছাড়া ইমিডিয়েট সিনিয়র অফিসার যারা আছেন তারা বিষয়গুলো তদারকি করতে পারেন। প্রশাসনিক বা বিচার বিভাগ বিষয়গুলো তদারকি করতে পারে। এছাড়া রাজনৈতিক নির্বাহী যারা আছেন তারাও বিষয়গুলো দেখতে পারেন। সর্বপরি জবাবদিহিতার বিষয়টি আরও বেশি জোরালো করতে হবে।
অন্তত চার থেকে পাঁচ পর্যায়ে তাদের কার্যক্রম পর্যালোচনা করার অবকাশ রয়েছে। সেগুলো সঠিকভাবে করলেই এই যে যেসব আইনের পরিপন্থি কর্মকান্ড হচ্ছে সেগুলোকে ক্রমশ কমিয়ে আনা সম্ভব।