শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলায় নূর হোসেনের আদালতে হাজিরা

ডেস্ক রিপোর্ট (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার ভাতিজা শাহজালাল বাদলকে আদালতে তোলা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে হাজিরা শেষ হলে নূর হোসেনকে আবার জেল হাজতে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী খোকন সাহা জানান,সকাল সাড়ে ১০টায় নূর হোসেনকে জেল হাজত থেকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। এ মামলায় মোট ৮জন আসামি। তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বহিষ্কৃত কাউন্সিলর (৪ নং ওয়ার্ড) শাহজালাল বাদলের স্থায়ী জামিন চাওয়া হয়। পরে বাদীর জিম্মায় তার জামিনের মেয়াদ বর্ধিত করা হয়। তবে নূর হোসেনের পক্ষে কোন জামিন চাওয়া হয়নি।

কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন জানান, পরবর্তী ধার্য তারিখ পরে জানানো হবে। এছাড়া সাত খুনের দুটি মামলাসহ আরো ৯ টি মামলার শুনানি জেলা ও দায়রা জজ আদালতে চলছে।
প্রসঙ্গত, সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির দু’টি অটোরিকশা ভাড়া দিয়ে সংসার চালাতেন। ২০১৪ সালের ১৫ মার্চ নূর হোসেন তার শিমরাইলের বাসায় সাইদুলকে ডেকে নিয়ে দু’টি রিকশায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সাইদুল চাঁদা দিতে অস্বীকার করলে তার দু’টি রিকশা নিয়ে আটক করে রাখেন নূর হোসেন। এরমধ্যে ১০ হাজার টাকা দিলে একটি রিকশা ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় ওই বছরের ১০ জুন সাইদুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি পিটিশন দায়ের করেন। পরে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১২ জুন ৮ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। এ মামলায় পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৫ সেপ্টেম্বর নূর হোসেন, তার ছোট ভাই নূর উদ্দিন, তাদের ভাতিজা শাহজালাল বাদল ও সহযোগী লোকমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।5364908800a86-03-05-16_5224