শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব মামলায় এ বছর সরগরম থাকবে সুপ্রিম কোর্ট

news-image

চলতি বছরে আলোচিত ও চাঞ্চল্যকর বেশ কিছু মামলার রায় ঘোষণা করা হবে। এসব রায়ের আগে-পরে আদালত প্রাঙ্গণ সরগরম থাকবে বলে মনে করছে বিভিন্ন মহল।

এ বছর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের পাঁচটি মামলা, মতিউর রহমান নিজামী, সাঈদীসহ মানবতাবিরোধী অপরাধের কয়েকটি মামলা, বিডিআর হত্যা মামলার মতো কয়েকটি বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। এতে করে বছরজুড়েই আদালতে নজর থাকবে দেশবাসীর।

খালেদা জিয়ার পাঁচ মামলা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাঁচটি মামলা নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে দুটির রায় চলতি বছরে শেষ হতে পারে। সেগুলো হলো—জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা।

এসব মামলার আপিল ও খালেদা জিয়ার জামিন নিয়ে উচ্চ আদালত সরগরম হয়ে উঠতে পারে। এ ছাড়া বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের হওয়া বড়পুকুরিয়া কয়লাখনি, গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ মামলাগুলো নিয়েও চলতি বছর সরগরম থাকবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

সাঈদীর রায় : জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ঘটনাটি নতুন বছরের প্রথম দিন থেকেই আলোচনায় আসে।

গত ৩১ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায় পুনর্বিবেচনা (রিভিউ) করার ঘোষণা দিয়েছেন আসামি ও রাষ্ট্রপক্ষ। আগামী দুই সপ্তাহের মধ্যে সাঈদীর পুনর্বিবেচনার (রিভিউ) রায় শেষ হবে। আপিল বিভাগ তাঁকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

মতিউর রহমান নিজামীর রায় : ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায় ৬ জানুয়ারি ঘোষণা করা হবে। বছরের প্রথম সপ্তাহে রায়টিকে ঘিরে আবারো সরগরম হতে পারে রাজনৈতিক মাঠ। সাবেক এ মন্ত্রীর রায়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল নাকি অন্য কিছু, সে বিষয়টি আছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ করার সুযোগ থাকবে। যদি মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে, তাহলে চলতি বছরেই দণ্ড কার্যকরের সম্ভাবনা থাকবে।

মীর কাসেম আলীর রায় : দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিও অপেক্ষমাণ রয়েছে। এ বছরে বিষয়টি নিষ্পত্তি হতে পারে।

এ টি এম আজহারুল ইসলামের রায় : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিও অপেক্ষমাণ রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ মামলার শুনানি ও রায় চলতি বছরে শেষ হতে পারে।

এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১৫ আসামির করা আপিলের শুনানি আপিল বিভাগে অপেক্ষমাণ রয়েছে।

বিডিআর মামলার রায় : সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিডিআর বিদ্রোহের ঘটনায় ১৫২ জনকে মৃত্যুদণ্ডাদেশের আপিলের রায় চলতি বছরে ঘোষণা করা হবে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে এ মামলার যুক্তিতর্ক চলছে। চলতি বছরের প্রথম দিকে এ মামলার রায় ঘোষণা করা হতে পারে।

ঐশীর আপিল রায় : পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তাঁদের মেয়ে ঐশী রহমান নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। গত বছরের ৬ ডিসেম্বর আপিল আবেদনে মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়ার পাশাপাশি ঐশীর বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে।

চলতি বছর এ মামলার রায় ঘোষণা হতে পারে।

গত ১২ নভেম্বর পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যায় তাঁদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এ ছাড়া মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয় ঐশীকে।

দুই শিশু হত্যার রায় : সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন ও খুলনার রাকিব হাওলাদার হত্যা মামলার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে অপেক্ষমাণ রয়েছে। নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হওয়া এ মামলার রায় হাইকোর্টেও দ্রুত শেষ হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এতে করে চাঞ্চল্যকর এসব মামলার রায় চলতি বছরে শেষ হতে পারে।

সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এ ছাড়া একজনের যাবজ্জীবনসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা ১২ বছরের রাকিবকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

উল্লিখিত রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে বলে মনে করছেন অনেক আইনজীবী। আবার এসব রায়কে রাজনৈতিক বিবেচনার রায় বলে মনে করছেন কিছু আইনজীবী।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল (ভারপ্রাপ্ত) মুরাদ রেজা এনটিভি অনলাইনকে বলেন, ‘দুর্নীতি, হত্যা ও যুদ্ধাপরাধের বিচার বিএনপি সরকার করেনি। তারা শুধু অপরাধ করে গেছে; কিন্তু বিচার করেনি। বরং যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়ে দেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। বর্তমান সরকার এসব মামলার বিচার ও রায় কার্যকরের মধ্য দিয়ে দেশ ও জাতি কলঙ্কমুক্ত হচ্ছে। এসব বিচারের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের আত্মা প্রশান্তি পাবে বলে আমি মনে করি।’

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, অনেক মামলার রায় রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে। এসব রায়ে দেশে রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এতে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা দীর্ঘদিন পর হলেও বেরিয়ে আসতে পারছি। দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাগুলো নিষ্পত্তির লক্ষ্যে চলতি বছর সুপ্রিম কোর্টসহ উচ্চ আদালত কর্মমুখর থাকবে। এটা নিঃসন্দেহে বিচার বিভাগের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

‘তবে আরো বেশিসংখ্যক বিচারপতি নিয়োগ, যোগ্য, দক্ষ জনশক্তি উচ্চ আদালতের জন্য পৃথক সচিবালয় স্থাপনের মাধ্যমে আরো বেশি করে প্রাণবন্ত করে তোলা সম্ভব বলে মনি করি’, যোগ করেন আখতার উল ইসলাম।