বিশ্ব ইজতেমার পরিসর ছোট করা হলো যে কারণে
নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমাযেকোনও ধরনের নাশকতা এড়াতেই এবার বিশ্ব ইজতেমার পরিসর ছোট করে আনা হয়েছে। গত চার বছর ধরে দুই পর্বে সারাদেশের মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে আসছিলেন। ৬৪ জেলাকে দুই ভাগ করে দুই পর্বে তাবলিগ জামাতের দায়িত্বশীলরা ইজতেমার আয়োজন করে আসছিলেন। এবারই প্রথম দেশের ৩২জেলা থেকে তাবলিগ জামাতের মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, নিরাপত্তাজনিত কারণে ইজতেমায় দেশের সব জেলা থেকে এবার তাবলিগ জামাতগুলোকে না আসতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো পরামর্শ দিয়েছে। দুই দফায় ৩২টি জেলার জামাত এবার ইজতেমায় অংশ নিতে পারবে। বাকি ৩২ জেলার জামাতগুলো আগামী বছর ২০১৭ সালের জানুয়ারিতে বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবে। ২০১১ সাল থেকে দুই দফায় ৩২ জেলা করে দেশের ৬৪ জেলার জামাতগুলো ইজতেমায় অংশ নিত।
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস আখতার কান্ধলভি ১৮ শতকের শেষের দিকে ভারতের দিল্লিতে এই ইজতেমার কাজ শুরু করেন। গত শতকের মাঝামাঝি ১৯৪৬ সালে বাংলাদেশের কাকরাইল মসজিদ থেকে এই ইজতেমার কাজ শুরু হয়। পরে এর বিস্তৃতি ঘটলে ১৯৬৬ সাল থেকে টঙ্গীর তুরাগ পাড়ের ময়দানে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। ২০১০ সাল পর্যন্ত এক পর্বেই তিনদিনের এই ইজতেমা এতদিন অনুষ্ঠিত হয়ে আসছিল।
স্থানীয়রা জানান, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ‘বিশ্ব ইজতেমা’র প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে। রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ পাড়ের বিশাল ময়দানে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ১০ ডিসেম্বর। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। শেষ হবে ১৭ জানুয়ারি। এরইমধ্যে দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম এ জমায়েতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুরো এলাকা নিরাপত্তা-চাদরে ঢেকে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ১৬০ একরের বিশাল এই ইজতেমার পুরো ময়দানকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসারও উদ্যোগ নিয়েছেন তারা। একইসঙ্গে বসানো হবে ১৪টি ওয়াচ টাওয়ার। যেসব দেশে জঙ্গিদের আধিপত্য ও তৎপরতা রয়েছে সেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই করেই ভিসা দেবে সরকার। বিশেষভাবে মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবে দেশের সংশ্লিষ্ট দফতর। স্থল ও বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ক্ষেত্রেও তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তাবলিগ জামাতের নীতি-নির্ধারণী পরিচালক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি দেশে বারবার জঙ্গি হামলার হুমকি আসছে। পুলিশ ও বিদেশি হত্যা, আহমদিয়া ও শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়েও হামলা চালানো হয়। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীগুলো তৎপর থাকলেও এতবড় জমায়েতকে সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের।
তাবলিগ জামাতের এই পরিচালক আরও জানান, স্থান সংকুলান না হওয়ার কারণেও এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। এছাড়া, সরকারের পক্ষ থেকে তাদের হাতে ১৫ দেশের তালিকা দিয়ে ওইসব দেশের নাগরিকদের ইজতেমায় আসতে নিরুৎসাহিত করতে বলা হয়। তারপরও সেসব দেশ থেকে ও যাচাই-বাছাই করে তারা ভিসা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন।
বিশ্ব ইজতেমার নিরাপত্তার বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, প্রতিবারের মতো এবারও নিরাপত্তা বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে । দেশের ৩২ জেলার তাবলিগ জামাতের মুসল্লিরাই এবার বিশ্ব এজতেমায় অংশ নেবেন। কন্ট্রোল রুম ও আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। ফায়ার সার্ভিসের একাধিক দলও দায়িত্বে নিয়োজিত থাকবে। ইজতেমা এলাকায় অস্থায়ী দোকানপাট, অবৈধ স্থাপনা ও বস্তি উচ্ছেদ করা হবে। ইজতেমা চলার সময়ে সংশ্লিষ্ট এলাকায় অশ্লীল পোস্টার, অবৈধ ও অপ্রয়োজনীয় ব্যানার, ফেস্টুন এবং আপত্তিকর ব্যানার অপসারণ করা হবে।
ইজতেমার নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এরইমধ্যে বৈঠক করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ইজতেমার নামে বাইরের কোনও দেশের জঙ্গি সংগঠনের কোনও সদস্য যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
‘বিশ্ব ইজতেমা’র সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের মতো এবারও ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মাঠের সব প্রবেশপথ ও কৌশলগত স্থানে মেটাল ডিটেক্টর আর্চওয়ে স্থাপন ও ভিডিও ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে।
ইজতেমার আইনশৃঙ্খলা নিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, পাঁচ স্তরে তিনটি সেক্টরে ভাগ হয়ে ইজতেমাস্থলের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। র্যাবের সিসি ক্যামেরা, পর্যবেক্ষণ টাওয়ার, মোবাইল কোর্ট, গোয়েন্দা কার্যক্রম, হেলিকপ্টার টহল, মেডিক্যাল সার্ভিস, স্ট্রাইকিং ফোর্স, নৌ-টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। বাংলা ট্রিবিউন











