শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কাটার অধিকার

news-image

আমাদের  নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সে যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। আমরা নেতৃত্ব দিয়েছি বলে আজ বাংলাদেশ স্বাধীন। সুতরাং স্বাধীন জনগণের ভোটে আমাদের অধিকার রয়েছে এবং আমাদের সে অধিকারে আমরা হস্তক্ষেপ করতেই পারি। আমরা ’হেরে গেলে হেরে যায় বাংলাদেশ’। বাংলাদেশকে আমরা হারতে দিতে পারিনা। দেশের স্বার্থ সবার উপরে। তাই বাংলাদেশের ¯া^ার্থে ভোট আমরা কাটতেই পারি। আমরা আজীবন ক্ষমতায় থাকলে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। সে চেতনা বাস্তবায়নের জন্য আমরা সবকিছুই করতে পারি।

স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ছিল না। আমরাই আন্দোলন করে দেশে গণতন্ত্র এনেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আগ পর্যন্ত এ দেশের মানুষের প্রকৃত ভোটাধিকার ছিল না। আমরাই আন্দোলন করে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্টা করেছিলাম। সুতরাং আমরাই যেহেতু মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি তাই সব মানুষের সব ভোটে একমাত্র অধিকার শুধু আমাদেরই। তাই ভোট কেটে নেওয়া আমাদের রাজনৈতিক অধিকার। পৌরসভা নির্বাচনে আমরা আসলে কারো ভোট কাটি নাই। আমাদের ভোট আমরাই কেটে নিয়েছি মাত্র।

আমরা সরকারে আছি ভোট ছাড়া। বর্তমান সংসদের মাননীয় ১৫৪ জন সংসদ সদস্য ভোট ছাড়া নির্বাচিত। বাকি ১৪৬ জন নামমাত্র ভোটে নির্বাচিত। তারপরও আমরাই বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে শক্তিশালী সরকার। সুতরাং সরকার গঠনের জন্য এবং সরকারে শক্তভাবে টিকে থাকার জন্য জনগণের ভোটের কোনো প্রয়োজন ও গুরুত্ব নেই। তাই ভোট কাটাকাটি একটা গুরুত্বহীন কাজ। তবে  দেশের মাননীয় সংসদ সদস্যরা যেভাবে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় রয়েছেন, ক্ষমতাসীন দলের সদস্য হিসেবে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরও অধিকার রয়েছে সেভাবে ক্ষমতাসীন হওয়া। তাই ভোট কাটা আমাদের দলীয় অধিকার।

বিগত সংসদ নির্বাচনে, দি¦তীয় পর্যায় থেকে অনুষ্টিত অধিকাংশ উপজেলা নির্বাচনে এবং তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে জনপ্রতিনিধিরা  যেভাবে নির্বাচিত হয়েছেন, পৌরসভা নির্বাচনের প্রার্থীদেরও অধিকার রয়েছে সেভাবে নির্বাচিত হওয়া। একটি দেশে জনপ্রতিনিধি নির্বাচনে দুই রকম ব্যবস্থা থাকতে পারে না। এটা সংবিধান পরিপন্থী। তাই পৌরসভা নির্বাচনে ভোট কাটা হয়েছে। এটা আমাদের নিয়মতান্ত্রিক অধিকার। সেই অধিকার এবার প্রায় সবগুলো পৌরসভাতে প্রয়োগ করতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারের প্রশাসনিক এবং দলের সাংগঠনিক দক্ষতার কারণেই।
এদেশের জনগণ কখনোই অধিকার সচেতন নয়। তাই বারবার তাদের অধিকার হরণ হলেও তারা নির্লিপ্ত থেকেছে। এরশাদ সরকার নয় বছর ভোটের অধিকার কেড়ে রেখেছিল। জনগণ রাস্তায় নেমেছিল নয় বছর পর। তাও ছাত্রদের কারণে। ঐতিহাসিক ৫ জানুয়ারির নির্বাচনে অর্ধেক আসনে ভোট না হলেও জনগণ ’মাইন্ড’ করেনি। আরও দুঃখের বিষয়, যে অর্ধেক আসনে ভোট হয়েছিল জনগণ সে ভোটের মর্ম বুঝতে না পেরে নির্বোধের মত তা প্রত্যাখ্যান করেছিল। আবার ২০১৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ’অপাত্রে’ ভোট প্রদান করে ফেলেছিল। সুতরাং ভোট একটি পবিত্র আমানত ও নাগরিক অধিকার হওয়া সত্ত্বেও যে দেশের জনগণ তার মুল্য বোঝেনা, অপপ্রয়োগ করে এবং সর্বোপরি যে জনগণ গণতন্ত্রের বিষয়ে নির্লিপ্ত ও জড় তাদের ভোট কেটে নেওয়া আমাদের জাতীয় অধিকার।

বাংলাদেশে এখন কোনো বিরোধী দল নেই। রাজপথে নেই, সংসদেও নেই। বিরোধী দলের কোনো মিছিল নেই, মিটিং নেই, কর্মসূচি নেই। বিরোধী দল এখন বিলুপ্ত ডাইনোসর হওয়ার পথে। এসবই সম্ভব হয়েছে আমাদের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে। সুতরাং ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সরকার ও রাজনৈতিক দল হিসাবে জনগণের ভোট কেটে নেওয়া আমাদের ঐতিহাসিক অধিকার।