বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাফ মার্কস’ পেল ইসি

news-image

নিউজ ডেস্ক : ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এরপর উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনসহ একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচনে আস্থা হারানো নির্বাচন কমিশন এবার ‘হাফ মার্কস’ পেয়েছে। কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বে এই নির্বাচন কমিশন এবারের নির্বাচনটি আগেরগুলোর তুলনায় ভালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। ইসির নেয়া কিছু দৃঢ় পদক্ষেপের কারণে এ পৌর নির্বাচন ‘কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছে’ বলে করছেন তারা।
 
তবে পৌর নির্বাচন করতে গিয়ে সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনের কমিশনের যে স্বাধীন তৎপরতার দরকার ছিল তার অভাব অনুভূত হয়েছে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। আর এ কারণে নির্বাচনে অনেক ক্ষেত্রে ইসিকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হতে হয়েছে বলেও মনে করেন তারা।
 
যদিও নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে পুলিশের ৭ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৫ এসআই ও ১ জন এনএসআইকে বরখাস্ত করে তাদের দৃঢ়তার প্রমাণ দিয়েছেন। কিন্তু একমাত্র ক্ষমতাসীন রাজনৈতিক দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে পারেনি ইসি। এজন্যে ভোটের আগে নির্বাচন কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করলে হয়তো এর ফল পাওয়া যেত বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
 
সাবেক নির্বাচন কমিশনার ও পর্যবেক্ষকরা প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জ বাস্তবায়নে যে ঘাটতি দেখা গেছে এর জন্য নির্বাচন কমিশনের যথেষ্ট প্রস্তুতির অভাবকে দায়ী করছেন।
 
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পৌরসভা নির্বাচনে বেশ ভালো সমস্যা হয়েছে। তবে এ কমিশনের করা অন্য নির্বাচনের থেকে কিছু বের হতে পেরেছে বলে মনে করছি। তাই বলে এই না যে, নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। নির্বাচনে যে সহিংসতা হয়েছে পত্র-পত্রিকায় দেখলাম ইসি তৎপর হলে এগুলোর প্রতিকার করতে পারতো। ওভারঅল বলা চলে নির্বাচন কমিশন এবার একটু চেষ্টা করেছে। তবে সহযোগিতার অভাবে পুরোটা পারেনি।‘ নির্বাচন গ্রহণযোগ্য বললে ইসিকে ৫০ শতাংশের বেশি নম্বর দেয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
 
পৌর নির্বাচনে বিএনপির ফলাফল প্রত্যাখ্যান প্রসঙ্গে সাবেক এই কমিশনার বলেন, ‘নির্বাচন ও ফলাফল বর্জন করা তাদের রাজনৈতিক ব্যাপার। তবে পত্র-পত্রিকায় ভোটের দিন বহিরাগতদের ব্যালট পেপারে সিল মারা, ভোট কারচুপি, জাল ভোট যা দেখলাম তাতে করে এসব অভিযোগে বিএনপি নির্বাচনের ফলাফল বর্জন করতেই পারে।’
 
সরকার তড়িঘড়ি করে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন করার পর ইসি পৌরসভা নির্বাচনের আয়োজন করে। প্রথমবারের মতো দলীয়ভাবে নির্বাচন করতে গিয়ে প্রথম দিকে অনেকটাই হ-য-ব-র-ল অবস্থায় পড়ে কমিশন। মাঠ কর্মকর্তা ও ইসির কাজে ব্যাপক সমন্বয়হীনতা দেখা দেয়। এরপর আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন কারণে ইসিকে সমালোচনা মুখে পড়তে হয়। এ কারণে ভোটের দিনটাকে বাড়তি ঝুঁকির বলে বিবেচনা করে কমিশন।
 
তবে ভোট গ্রহণের দিন সকাল থেকে কেন্দ্রে দখল, সহিংসতা ও সরকার দলীয়দের প্রভাব খাটানোর অভিযোগ করে বিএনপি। এসব অভিযোগ জানাতে ভোটের পুরো দিন নির্বাচন কমিশনেও অবস্থান নেয় দলটি। অন্যদিকে বিএনপির অভিযোগ খণ্ডাতে ক্ষমতাসীন আওয়ামী লীগও ইসিতে অবস্থান করে পাল্টা অভিযোগ করে।
 
পাল্টাপাল্টি অভিযোগ, সহিংসতা ও কেন্দ্র দখলের পৌর নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এ বিষয়ে জানেতে চাইলে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ব্রতী’র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ বাংলামেইলকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার কতগুলো স্তর (ক্রাইটেরিয়া) থাকে যেগুলোর মাধ্যমে নির্ধারণ করা হয় নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে। এই স্তরগুলো পযবেক্ষণ করে দেখা যায়, পৌর নির্বাচন গ্রহণযোগ্যতার মাত্রা যথেষ্ট নয়।’
 
তিনি বলেন, ‘আমার দেখা মতে, ভোটকেন্দ্রগুলোর ৯২ শতাংশ কেন্দ্রে কোনো সহিংসতা হয়নি। তবে যে ৮ আট শতাংশে সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলো মেনে নেয়া যায় না। কারণ এসব জায়গায় মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। এখানে মানুষ ভোট দিতে পারেনি। অর্থাৎ পরিসংখ্যানের মানদণ্ডে ভালো খারাপ বলা যায় না।’
  
বিএনপি যে নিরপেক্ষতার ঘাটতির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে এগুলো বিবেচনা করলে তাদের প্রত্যাখ্যানের যৌক্তিকতাও রয়েছে বলে মনে করেন শারমিন মুর্শিদ।
 
এদিকে বিএনপি পৌরভোটে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুললেও সার্বিকভাবে এই নির্বাচনকে ‘ভালো’ বলেছে নির্বাচন পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘সার্বিকভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলা যাবে না’ -বলে মন্তব্য করেন সংস্থাটির পরিচালক আব্দুল হালিম।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। বেশিরভাগ কেন্দ্রেই ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীরা অনেক বড় ব্যাবধানে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ ১৭৭, বিএনপি ২২, অন্যান্য ১২ (বিদ্রোহী ও স্বতন্ত্র) এবং জাতীয় পার্টি ১ জন করে মেয়র পেয়েছে।

সংঘর্ষ ও অনিয়মের কারণে ৬টি পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া ৭টি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাংলামেইল