ফল প্রত্যাখ্যান, ইসির পদত্যাগ দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও ২০-দলীয় জোট পৌরসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার জন্য সরকার এবং সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে দলটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ও জোটের পক্ষ থেকে এ দাবি জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল বুধবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলী, যুগ্ম মহাসচিবদের এক যৌথসভা হয়। এরপর ২০ দলের কয়েকজন নেতাও খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। সেখানে ফলাফল প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশনের পদত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সাংবাদিকেরা জানতে চান, পৌরসভায় বিএনপির যাঁরা জিতেছেন, সে ফলের কী হবে?
জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা পুরো ফলই প্রত্যাখ্যান করছি। এ ফলাফল সাংগঠনিকভাবে বিএনপির দুর্বলতা ও নেতা-কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করবে কি না—জানতে চাইলে তিনি বলেন, মোটেও হতাশা সৃষ্টি করবে না। বরং নেতা-কর্মীদের আরও উদ্দীপ্ত করবে। নির্বাচনে সাংগঠনিক দুর্বলতা ফুটে ওঠেনি। সরকার নিজেদের সন্ত্রাসী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা সাংগঠনিকভাবে দীর্ঘ এক মাস এই রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। তিনি দাবি করেন, গত তিন মাসে বিএনপির ছয় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, গতকাল বুধবার পৌর নির্বাচনটি ছিল সরকারের নীলনকশা বাস্তবায়নের আরেকটি নাটক। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি কলঙ্কজনক নির্বাচন হিসেবে চিহ্নিত হবে। ইতিপূর্বে উপজেলা নির্বাচন, ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি নির্বাচন একই প্রক্রিয়ায় হয়েছে। বর্তমান সরকারের অগতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতায়—এ কথাই প্রমাণিত হয়েছে যে, এ সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।











