ভৌতিক ভোটে সর্বোচ্চ টার্ন আউট
বুধবার সাভার পৌরসভার কিছু ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি স্পষ্টত কম থাকলেও অস্বাভাবিক বেশি ভোটদানের হার দেখানো হয়েছে।
ডেইলি স্টার পত্রিকা বিকেল তিনটার কাছাকাছি কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করেছে যেখানে গড়ে ৩০ শতাংশ ভোট প্রদানের বিপরীতে ভোটদানের হার দেখানো হয়েছে ৬০ শতাংশের উপরে।
দৃষ্টান্তস্বরূপ; প্রিজাইডিং কর্মকর্তাদের তথ্য মতে, সাভার গার্লসস্কুল কেন্দ্রে ২,২৫০ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১,৫৫৪জন এবং ২,৩৯৪জন নারী ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১৩২৫ জন, সাভার মডেল গভমেন্ট প্রাইমারি স্কুলে ২,৬৭৩ পুরুষ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১,৩৫৭ জন, সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে ২,৩৮০ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১,৩৪৫ জন এবং মদিনাতুল উলুম মাদরাসায় ১,৩৫২ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৯০৮জন।
এসব কর্মকর্তারা দাবি করেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হার বাড়তে থাকে।
এ পৌরসভায় ৮০টি ভোট কেন্দ্র রয়েছে। যার মধ্যে ডেইলি স্টারের প্রতিনিধিরা ২২টি কেন্দ্র পরিদর্শন করেছে। এরমধ্যে ১৩টি কেন্দ্রেই বিএনপি মেয়র প্রার্থীদের কোন প্রতিনিধি পাওয়া যায়নি।
সকালে অনেক কেন্দ্রে ভোট বুথের ভেতরে এবং বাইরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজনকে চলাচল করতে দেখা গেছে।
বিএনপি মেয়র প্রার্থী বদিউজ্জামানের স্ত্রী শিরিনা আকতার মিতু অভিযোগ করেন, এখানে কমপক্ষে ৪০টি কেন্দ্রে অনিয়ম হয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন ২, ৩, ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের সবগুলো কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিদের বের করে দিয়েছে। তারা দুপুরের দিকে এসব কেন্দ্রের ভোটবুথগুলোর দরজা বন্ধ করে ব্যালট ভর্তি করেছে।’
শিরিনা আরও বলেন, ক্ষমতাসীন দলের লোকজনের হুমকির কারণে তার স্বামীর কিছু প্রতিনিধি ভোট কেন্দ্রেই যায়নি।
বিএনপি মেয়র প্রত্যাশী পুলিশ ও আওয়ামী লীগের হয়রানির ভয়ে দৌড়ের ওপরে ছিল।
নতুন কুড়ি বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম জানান, বিএনপি প্রার্থী বদিউজ্জামানের কোন প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেনি।
তিনি জানান, ‘দুপুর আড়াইটা পর্যন্ত ছয়টি ভোট কেন্দ্রে ২,৬৫৪ জন ভোটারের মধ্যে মাত্র ৫০০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এদিকে, স্বতন্ত্র মেয়রপ্রার্থী সালাউদ্দিন খান অভিযোগ করেন, জাল ভোট দেয়ার জন্য বিভিন্ন কারখানা থেকে কয়েকশ’ গার্মেন্ট শ্রমিককে ভোট কেন্দ্রে আনা হয়েছে। যদিও কে তাদের এনেছে তা বলেননি তিনি।
মজার ব্যাপার হচ্ছে, দুপুরের দিকে সাভারের কিছু ভোট কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্টের সংখ্যা ভোটারদের ছাড়িয়ে গিয়েছে।
কিছু কিছু ভোট কেন্দ্রে দুপুর একটার দিকে কোন ভোটার না থাকার কারণে প্রিজাইডিং এবং নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট ও আইনপ্রয়োগকারী সদস্যদের অলসভাবে বসে থাকতে ও গল্পগুজব করতে দেখা গেছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল গনির পোলিং এজেন্ট সাজেদুল ইসলাম এই প্রতিনিধিকে ৩টার দিকে জানান, ‘এখানে ভোট প্রয়োগ প্রায় শেষ। আমরা ভোট শেষ হওয়ার পূর্বে এক ঘণ্টার মতো অপেক্ষা করছি।’











