আ. লীগ: ১৬৫, বিএনপি: ১৭, অন্যান্য: ২৬
বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে প্রথম বারেরমতো সারা দেশে দলীয় প্রতীকে ২৩৪টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছে। সেই সঙ্গে যেসব পৌরসভায় ভোট গণনা সম্পন্ন হয়েছে, সেসব পৌরসভায় বেসরকারি ফল ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে পৌরসভার বেসরকারি ফলাফলে আ. লীগ: ১৬৫, বিএনপি: ১৭, অন্যান্য: ২৬ জন নির্বাচিত হয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো খবর:
ভবানীগঞ্জ : রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯৩৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আব্দুল মালেক। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ২৫৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪ হাজার ৩২১টি ভোট।
দৌলত খান : ভোলার দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দৌলতখান উপজেলার রিটার্নিং অফিসার মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোলার দৌলতখান পৌরসভার মোট ৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৬৭৯ ভোট।
করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল কাইয়ুম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন।
তিনি জগ প্রতীকে ১০ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম চৌধুরী মামুন নৌকা প্রতীকে ৪ হাজার ৯১৬ ভোট পেয়েছেন।
পাইকগাছা : খুলনার পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সেলিম জাহাঙ্গীর মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সাত্তার ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ৬০৩ ভোট পেয়েছেন।
এ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৪ ভোট।
চালনা : খুলনার চালনা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সনৎ কুমার বিশ্বাস মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মন্ডল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫১৯ ভোট। এ ছাড়া বিএনপি প্রার্থী শেখ আব্দুল মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৮ ভোট।
কানাইঘাট : সিলেটের কানাইঘাট পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান। নারকেল গাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লুৎফুর রহমান পেয়েছেন ২৮৯৭ ভোট।
কালাই : জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হালিমুল আলম জন ৬ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাজ্জাদুর রহমান সোহেল পেয়েছেন ২ হাজার ১৬১ ভোট ।
আক্কেলপুর : জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মাহফুজার রহমান অবসর নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম পান মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫৫ ভোট। তিনি বিএনপি থেকে প্রার্থী হতে চেয়েও পারেননি।
দাগনভুঞা : ফেনীর দাগনভূঞা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১১ হাজার ৫৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন পেয়েছেন ২৩৪৬ ভোট।
এর আগে ফেনীর ফেনী সদর ও পরশুরাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী যথাক্রমে হাজী আলাউদ্দিন ও নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নলছিটি : ঝালকাঠির নলছিটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী ১৩০৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মজিবুর রহমান পেয়েছেন ৬৩৫ ভোট ।
এদিকে, কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে পলাশ তালুকদার, ২নং ওয়ার্ডে লুৎফুর কবির প্রিন্স, ৩ নং ওয়ার্ডে তোফায়েল হোসেন, ৪নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস মোল্লা, ৫নং ওয়ার্ডে আলঙ্গীর হোসেন আলো, ৬নং ওয়ার্ডে আব্দুল সালাম, ৭নং ওয়ার্ডে নুরুল ইসলাম স্বপন, ৮নং ওয়ার্ডে মামুন হোসেন লাভলু, ৯নং ওয়ার্ডে খান জামাল উদ্দিন এবং সংরক্ষিত আসনে শিউলি বেগম, ফিরোজা বেগম ও মিনারা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মাগুরা : মাগুরার একমাত্র পৌর নির্বাচনে ৩২টি কেন্দ্রের ভোট গণনা শেষে ২৭ হাজার ৯৫০ ভোট পেয়ে আওয়ামী লীগের খুরশিদ হায়দার টুটুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির ইকবাল আকতার খান কাফু পেয়েছেন ১৫ হাজার ৪৯৬ ভোট।
বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ৫ হাজার ৬৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মাহমুদ মাহবুব মাস্টার পেয়েছেন ৪০৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের জালিস মাহমুদ মৃধা পেয়েছেন ১৩৭ ভোট।
মুলাদী : বরিশালের মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মো. শফিকুজ্জামান রুবেল ৯ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আসাদ মাহমুদ পেয়েছেন ৫৯৬ ভোট। এছাড়া হাতুড়ি প্রতীক নিয়ে সেলিম চৌকিদার ৭৪ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৩৪০ ভোট।
মৌলভীবাজার সদর : মৌলভীবাজার সদরে আওয়ামী লীগের ফজলুর রহমান ১০ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অলিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৬২৫ ভোট।
গাংনী : মেহেরপুরের গাংনী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ভেন্ডার জগ প্রতীকে ৭৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আহম্মেদ আলী পেয়েছেন ৫৪১৬ ভোট। বিএনপির প্রার্থী ইনসারুল হক ইন্সু ৭৯৫ ভোট, জাতীয় পার্টির (এরশাদ) এসএম মুর্তজা আলম ( লাঙ্গল ) ৪৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুজ্জাতুল ইসলাম ফয়সল ( হাতপাখা ) ২২৭ ভোট পেয়েছেন।
মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম নারিকেল গাছ প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন যাদু পেয়েছেন ১১ হাজার ৫৫৭। আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র রমজান আলী পেয়েছেন ৯ হাজার ৮৮৪ ভোট।
শিবচর : মাদারীপুরের শিবচর পৌরসভায় ১০ হাজার ১৩৭ ভোট পেয়ে আওয়ামী লীগের মো. আওলাদ হোসেন খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন খান তোতা নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯১ ভোট।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আক্তার হোসেন খান, ২নং ওয়ার্ডে শাজাহান মোল্যা, ৩নং ওয়ার্ডে শাকিল হোসেন খান, ৪নং ওয়ার্ডে হানিফ খালাসী, ৫নং ওয়ার্ডে বেলায়েত ইবনে ওয়াহেদ, ৬নং ওয়ার্ডে রাজা মিয়া মোল্লা, ৭নং নওয়াব বেপারী, ৮নং ওয়ার্ডে আজিজুল হক, ৯নং ওয়ার্ডে আবদুল কাদের খান মিলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনে মলি রায়, ৪,৫,৬ সংরক্ষিত আসনে আজিমন নেছা, ৭,৮,৯ সংরক্ষিত আসনে জাহানারা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রাণীশংকৈল : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় আওয়ামী লীগের আলমগীর সরকার ৪ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা ও স্বতন্ত্র প্রার্থী জগ মার্কায় মোকাররম হোসেন ৩ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।
পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের কসিরুল আলম ৫ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রাজিউর রহমান রাজু পেয়েছেন ৫ হাজার ১৩৬ ভোট।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পারভেজ মিয়া জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাজহারুল ইসলাম।
হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুল কাইয়ুম খোকন ৪ হাজার ৮৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. সৈয়দ হোসেন পেয়েছেন ৪ হাজার ৭২৭ ভোট।
কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় আওয়ামী লীগের শওকত উসমান শুক্কুর আলী নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তোফাজ্জল হোসেন খান দিলীপ পেয়েছেন ৭ হাজার ৩৫৫ ভোট।
রাজিতপুর : কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় আওয়ামী লীগের আনোয়ার হোসেন আশরাফ ১০ হাজার ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এহেসান কুফিয়া পেয়েছেন ৪ হাজার ১৬২ ভোট।
কুলিয়ারচর : কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় আওয়ামী লীগের আবুল হাসান কাজল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজী শাফী উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৫৮৫ ভোট।
ভৈরব : কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় আওয়ামী লীগের ফখরুল আলম আক্কাছ ৩০ হাজার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজী মো. শাহীন পেয়েছেন ১৯ হাজার ৯৫৩ ভোট।
জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জ পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী খলিল উদ্দিন। তিনি পেয়েছেন ১৫০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিফজুর রহমান মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৭১ ভোট।
বদরগঞ্জ: রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের উত্তম কুমার সাহা ৬ হাজার ৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে ৫ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।
বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনে ৭ হাজার ৫৯০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মোজাফফর হোসেন বাবলু (জগ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস শুকুর শেখ পেয়েছেন ৫ হাজার ৭৭৯ ভোট।
নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে ৪ হাজার ১৯৭ ভোট পেয়ে আওয়ামী লীগের মো. রায়হান উদ্দিন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সাইফুর রহমান মুকুল পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট।
বীরগঞ্জ : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী (জামায়াত নেতা ) মাওলানা আবু হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. মোশারফ হোসেন বাবুল পেয়েছেন ৩ হাজার ৮৪৮ ভোট।
ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় স্বতন্ত্র প্রাথী গোলাম মুর্তুজা সরকার মানিক (নারকেল গাছ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তিনি মোট ভোট পেয়েছেন ৬ হাজার ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শাহজাহান আলী সরকার পুতু পেয়েছেন ৪ হাজার ৭৯১ ভোট ।
বিরামপুর : বিরামপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. লিয়াকত আলী টুটুল নারকেল গাছ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এরআগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে অনিয়ম ও কারচুপি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
৩৮টি কেন্দ্রে ভোট স্থগিত, প্রার্থীদের ভোট বর্জন ও এজেন্টদের মারধর, জালভোট, বুথ দখল আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলা-পাল্টা হামলার অভিযোগের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়। এসব ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ১৪ পৌরসভায় কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
এ নির্বাচনে মেয়র পদে ৯৪৩ জনসহ মোট ১২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে প্রায় ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রে ৬১ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োজিত ছিলেন। এ নির্বাচনে ৩ হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসব ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ২১ হাজার ৫৭১টি।
বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। সাতকানিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূরুল আমিন (২৬)।
যেসব কেন্দ্রে ভোট স্থগিত : অনিয়ম, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্রে গুলি, ব্যালট পেপারে জোর করে সিল দেওয়ার অভিযোগে আটটি পৌরসভার ১৪টি কেন্দ্রের ভোট নেওয়া স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তারা এসব কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করেন।
এর মধ্যে কুমিল্লার বরুড়া পৌরসভায় একটি ও হোমনা পৌরসভায় দুটি, চট্টগ্রামের চন্দনাইশ ও বাঁশখালী পৌরসভায় তিনটি, মাদারীপুরের কালকিনি পৌরসভায় দুটি, জামালপুরের সরিষাবাড়ীতে একটি, বরগুনায় একটি, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় চারটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।
এদিকে পৌর নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে বিএনপি এই নির্বাচনকে কারচুপির নির্বাচন বলে অভিহিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।











