বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া পৌরসভা নির্বাচন : অবরুদ্ধ প্রার্থী অবরুদ্ধ প্রচার

news-image

নিজস্ব প্রতিবেদকমৃত হাদিস এখন জীবিত! আখাউড়া পৌর এলাকার মানুষের মুখে মুখে তার নাম। সরব আলোচনা তার পরিণতি নিয়ে। বিশেষ করে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যেই প্রকট এ আলোচনা। ভয়ে ভীত করতে তাদের হাদিসের পরিণতির কথা শোনানো হচ্ছে। ডর-ভয় দেখানো হচ্ছে আরো নানাভাবে। পুলিশের হুমকি পেয়ে যুবদলের এক নেতা এলাকা ছেড়ে দিয়েছেন। আরেক প্রার্থী তার ছেলের জীবন বাঁচাতে ঢাকা পাঠিয়ে দিয়েছেন। ওই প্রার্থী নিজেও অবরুদ্ধ। ভয়ে নির্বাচনী প্রচারে বের হন না। বিএনপি প্রার্থীও চলছেন মেপেঝোকে। তাদের প্রচার-প্রচারণাও অবরুদ্ধ প্রায়। আতঙ্কে ভোটাররা মুখ খোলেন না। প্রশাসন চোখ বন্ধ করে বসে আছে- এমনই অভিযোগ প্রতিদ্বন্ধী প্রার্থীদের। আর সে কারণে আখাউড়া পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণায় বেশ পিছিয়ে যান সরকার সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। পৌরসভার মোড়ে মোড়ে সরকার সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিস রয়েছে। চারদিকে শুধু তারই পোস্টারের সারি। সে তুলনায় অন্যদের তেমন কোনো কিছুই নেই। গত দু-সপ্তাহ ধরে চলা এ চিত্র শেষ সময়ে এখন অন্যরূপ ধারণ করছে। বাড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর তাদের সমর্থকদের ওপর চাপ। কেন্দ্র দখল, সংঘাত-সহিংসতার আশঙ্কা তাড়িয়ে বেড়াচ্ছে সবাইকে। ইতিমধ্যে এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। 
আলোচনায় মৃত হাদিস: ২০১৪ সালের ২৩শে মার্চ আখাউড়া উপজেলা পরিষদের ভোট চলাকালে তারাগন কেন্দ্রে দুপক্ষের মধ্যে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান উপজেলা যুবদলের সহ-সভাপতি হাদিস মিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালালে তা বুকে বিদ্ধ হয় হাদিসের। জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। যদিও তখন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেছিলেন, তারা ‘ওয়ার্নিং শুট’ করেছিলেন। সেই শুটেই জীবন চলে যায় হাদিসের। হাদিস তার বড় ভাই আখাউড়া পৌর বিএনপির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়াকে ওই বাহিনীর সদস্যরা মারধর করতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন। তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্রের ভেতরে ব্যালটে সীল মারার সময় এর প্রতিবাদ করেন বিএনপির লোকজন। তখনই আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা হাদিসের বড় ভাই বাহারের ওপর হামলা চালান। বাড়িঘরে ঢুকেও ওই বাহিনীর সদস্যরা অ্যাকশন চালায়। কেন্দ্রের আশপাশের বাড়ির মেয়েছেলেরা তখন দরজা বন্ধ করে ঘরে বসে থাকেন। এই হাদিসের পরিণতির ভয়ই দেখানো হচ্ছে এখন পৌর নির্বাচনে বিরোধী বা নির্দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের। বিএনপি সমর্থিত প্রার্থী মো. মন্তাজ মিয়া বলেন, ২০১৪ সালে হাদিসের ঘটনায় মানুষ এই নির্বাচনেও হয়রান-পেরেশান। না জানি এই নির্বাচনে কী হয়। তিনি অভিযোগ করেন, তার ওয়ার্কার, এজেন্টদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। গভীর রাতে এজেন্টদের বাড়িতে গিয়ে এজেন্ট না হওয়ার জন্য ডিবি পুলিশ পরিচয়ে ভয় দেখানো হচ্ছে। এজেন্ট হলে উঠিয়ে নেয়া হবে বলে হুমকি দিচ্ছে। তিনি জানান, উপজেলা যুবদল সভাপতি নাহিদুল ইসলাম গত ৪-৫ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তার বাড়িতে ৪-৫ বার করে ডিবি পুলিশ যাচ্ছে। তাকে অস্ত্র দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়েছে। এরপর সে এলাকা ছেড়ে চলে গেছে। আমি কোনো রকম জীবন বাঁচিয়ে নির্বাচন করছি। 
আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রহমান বাবুল। রোববার সন্ধ্যায় বড় বাজারে নিজ বাসাতেই কর্মী-সমর্থকদের নিয়ে বসা পাওয়া যায় তাকে। খবর পেয়ে তার গেটের সামনের অফিসে আসেন। বাবুল মিয়া প্রায় অবরুদ্ধ। প্রচার-প্রচারণায় বের হন না বলেই তার সমর্থকরা জানান। বের হলেই আসে হুমকি। ৪-৫ দিন আগে নারায়ণপুরে প্রচার চালাতে গেলে সেখানকার কাশেম মেম্বারের ছেলে সাইফুল তাকে হুমকি দেয়। বলে- ‘তোর পায়ের গিরাগারা কাইট্টা ফালামু, অস্ত্র মামলা দিমু, ডিম ঢুকামু’। বাবুল ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর হিসেবে তার সুনাম আছে। এখন মেয়র প্রতিদ্বন্দ্বিতায় তিনি তার নিজের ওয়ার্ডে আধিপত্য বজায় রাখবেন। আর সে কারণে তিনি টার্গেটের শিকার। বাবুল বলেন, তার ছেলে কনক নির্বাচন উপলক্ষে কদিন আগে ইটালি থেকে বাড়িতে আসে। কনককে হুমকি দেয়া হলে তার জীবন শঙ্কায় ফুফুরা তাকে ঢাকা পাঠিয়ে দেন। তারা বলে আমার মেয়েদের হাইজ্যাক করবে। মানুষ এসে নানা কথা বলে। আমাকে সতর্ক থাকতে বলে। আমি তাদের বলেছি, যদি মইরা যাই তোমরা আমারে খরমপুর মাজারে আমার বাবা-মায়ের পাশে কবর দিও। এসব কারণে আমি খুব একটা বের হই না। নানা পলিসি করছে আমারে নিয়ে। বাবুল জানান, প্রথমে তার পোস্টার লাগাতে বাধা দেয়া হয়। এরপর তার ওয়ার্কারদের প্রচারণা চালাতে বাধা দেয়া হয়। পোস্টার ছিঁড়ে ফেলে দেয়া হয়। সে কারণে এখন তার পোস্টারও খুব একটা নেই।  

নীরব ভোটার: মুখ খুলছেন না ভোটাররা। দেবগ্রাম, সড়কবাজার, নারায়ণপুর এসব জায়গায় অনেক ভোটারের সঙ্গেই কথা বলেছিলাম। কিন্তু মনের কথা বলছেন না কেউই। লড়াই কেমন হবে জানতে চাইলে চুপ থাকেন। অবস্থা এমন- মুখ খুললেই যেন বিপদ। 
লড়াই প্রতীকে : আখাউড়া পৌরসভা নির্বাচনে দেবগ্রামের ভোট ফ্যাক্টর। তাছাড়া এটি বিএনপির ঘাঁটি হিসেবেও বিবেচিত। মোট ২৪ হাজার ভোটারের মধ্যে ৫ হাজার ভোট এই গ্রামের। ২০১১ সালের ১৮ই জানুয়ারির নির্বাচনে দেবগ্রামের সন্তান বিএনপি নেতা এনএম হাসান খান মেয়র নির্বাচিত হন। ওই বছরের ১৫ই অক্টোবর হাসান খান মারা যান। ২০১২ সালের ১২ই জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাকজিল খলিফা কাজল। বিএনপি সে বিবেচনায় দেবগ্রামের মো. মন্তাজ মিয়াকে মনোনয়ন দেয়। কিন্তু তার মনোনয়নে নাখোশ হন দলের অনেক নেতাকর্মী। তার বদলে দেবগ্রামের হাসিব হুমায়ুনকে মনোনয়ন দিলে ভালো হতো বলে জানান দলের অনেকে। তৃণমূলের নেতাকর্মীরা অবশ্য চেয়েছিলেন মেয়র উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী আবদু মিয়াকে। আবদু মিয়া নারায়ণপুর গ্রামের বাসিন্দা। মনোনয়নবিমুখ আবদু মিয়াকে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় নামাতে পারেননি নেতৃবৃন্দ। নানা অজুহাত, ভয়ভীতির কথা বলে দলের কর্মী সমর্থকরা নির্বাচন থেকে দূরে রয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীর তুলনায় প্রচার-প্রচারণায় অনেক পিছিয়ে বিএনপি প্রার্থী। এসবের পরও আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে জানান ভোটাররা। রাধানগর এলাকার এক চা চোকানি বলেন, ভোট তো মানুষ দেবে প্রতীক দেখে। যদিও এখন সবাই নৌকার কথাই বলছে। দেবগ্রামে আওয়ামী লীগের এক নেতার ছেলের সঙ্গে কথা হয়। তিনি জানান, দেবগ্রাম এক হয়নি মন্তাজের পক্ষে। তবে এটা ঠিক, মন্তাজ মিয়া গোষ্ঠীওয়ালা (দাইমোল্লার) লোক। তাদের গোষ্ঠীর ভয়ে এলাকার মানুষ কথা বলে না। তবে ভোট যে যেই দল করে সেই দলের প্রতীকেই দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী শিক্ষিত। ব্যক্তি হিসেবেও বিএনপি প্রার্থীর চেয়ে সে এগিয়ে। 
ওসি রেস্টে: নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ধুম আখাউড়ায়। কিন্তু নির্বিকার পুলিশ। রোববার বিকাল ৪টায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদারকে ফোন করলে তিনি জানান বাসায় রেস্টে আছেন। সন্ধ্যার পর থানায় যেতে বলেন। সন্ধ্যা ৭টায় থানায় তার কক্ষে গিয়ে বসার পরই সেখানে ঢুকেন পৌর যুবলীগ নেতা আবু কাউসার ভূইয়া। তাকে দেখেই ওসি বলেন, ‘আসেন আসেন কাউসার ভাই। তাকে ইঙ্গিত দিয়ে বলেন, আপনি ওই জায়গায গেছিলেন নাকি।’ কাউসার তখন বলেন, আমি আপনার নির্দেশ পালনে প্রস্তুত। আপনি যেখানে বলেন সেখানেই যাবো। থানার ওসি-ইউএনও নির্বাচনী প্রশাসনকে তেমন সহায়তা করছে না বলেই কথা আছে। রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন বলেন, আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেজন্য আমরা মাইকিং করেছি। বিশেষ করে হোন্ডার ব্যাপারে।  ভয়ভীতির অভিযোগ লিখিতভাবে আমাদের কাছে কেউ করেনি। আর স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে না- এই অভিযোগ ঠিক নয়।

 

 

মানবজমিন