বাঁদরের বাঁদরামি!
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ভারতের বারেইলি শহরের এক বাস স্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীরা হঠাৎ আবিষ্কার করেন একটি বাস তাদের দিকে এগিয়ে আসছে। তবে বাসটির চালকের আসনে কেউ নেই।
ঘটনা হচ্ছে, বাস ছাড়ার সময় আধ ঘণ্টা বাকী আছে দেখে চালক পেছনের আসনে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে সুযোগ পেয়ে এক বাঁদর বাসটি স্টার্ট দিয়েছে এবং নেমে যাওয়ার আগে ঠেলে দিয়েছে গিয়ারও। ফলে যা হবার তাই হয়েছে। চালক ছাড়াই এগোতে শুরু করেছে বাসটি।
চালক বাসটির নিয়ন্ত্রণ নেয়ার আগেই পাশে পার্ক করা আরো দুটো বাসকে ধাক্কা দিয়েছে লাগামছাড়া বাস। অবশ্য কেউ কোনও আঘাত পায়নি শেষ পর্যন্ত।
একজন পরিবহন কর্মকর্তা বলেন, ভারতে বাস স্টপেজ ও ওয়ার্কশপগুলোতে বাঁদরের উৎপাত এখন নিয়মে দাঁড়িয়ে গেছে। উৎপাত ছাড়াও সিসিটিভি ক্যামেরাগুলো প্রায়ই ভেঙে ফেলে বাঁদরগুলো।
ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাস স্টপেজে অপেক্ষারত যাত্রীরা হঠাৎ দেখতে পান চালকহীন বাসটি তাদের দিকে ছুটে আসছে।
জানা যায়, চালক পেছনের আসনে বিশ্রাম নিতে গেলেও চাবি ইগনিশনেই দেয়া ছিল। এই সুযোগে এক দুষ্টু বাঁদর খোলা জানালা দিয়ে উঠে বসে চালকের আসনে। বাঁদরটি চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করে দেয়। ইঞ্জিনের শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় চালকের। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
চালককে এগিয়ে আসতে দেখে বাঁদরটি ঠেলে দেয় গাড়ি চালু করার গিয়ার। তারপর এক লাফে পগারপার।











