বৃষ্টিতে বাংলাদেশ-ভারত ফাইনাল ভেসে গেলে কী হবে?

news-image

প্রায় সাড়ে তিন সপ্তাহের লড়াই শেষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এখন এসে পৌঁছেছে শিরোপা নিষ্পত্তির ম্যাচে। আজ (রোববার) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের যুবারা।

পুরো আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে দুই দলই। ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি। পরে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে আকবর আলির দল।

অন্যদিকে গ্রুপপর্বের তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারতীয় যুবারা। শ্রীলঙ্কা, জাপান ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল পাত্তাই পায়নি ভারতের কাছে। এমনকি কোয়ার্টার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়া এবং সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও হেসেখেলে হারিয়েছে প্রিয়ম গার্গের দল।এবার দেখার বিষয়, ফাইনালে কোন দল ধরে রাখতে পারে নিজেদের অপরাজিত দৌড় আর কাদের থামতে হয় রানারআপ হয়েই। তবে সকলের প্রত্যাশা যখন জমজমাট এক ফাইনাল, তখন প্রকৃতি আবার দেখাচ্ছে ভিন্ন রূপ। কেননা বৃষ্টির কারণে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফাইনাল ম্যাচ।

পচেফস্ট্রুমের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ অর্থাৎ ম্যাচের দিন বেশ জোরেশোরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। যেমনটা হয়েছে গতকাল (শনিবার) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সে ম্যাচে কোনো রিজার্ভ ডে ছিলো না। তাই গ্রুপপর্বে বেশি পয়েন্টের সুবাদে তৃতীয় হয়েছে পাকিস্তান।

তবে ফাইনাল ম্যাচের নিষ্পত্তি আবার এতো সহজেই হচ্ছে না। রোববার সারাদিন বৃষ্টিতে ভেসে গেলেও, খেলার সুযোগ থাকবে সোমবারে। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে আইসিসি। কিন্তু বিপত্তি আছে এখানেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবারে টানা বৃষ্টি না হলেও, থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক বেশি।

যদি বৃষ্টির কারণে ম্যাচের দিন এবং পরে রিজার্ভ ডে’তেও ফলাফল না আসে, তাহলে শিরোপা ভাগাভাগি করবে দুই দল। শিরোপা নিষ্পত্তির ক্ষেত্রে সেমিফাইনাল পর্যন্ত খেলা ম্যাচগুলোর কোনো প্রভাব থাকবে না। হয় মাঠের খেলায় জিতে শিরোপা নেবে যেকোনো এক দল অথবা বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ