ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শতাব্দীপ্রাচীন ভোলাচং কুমারপাড়ার নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত অস্থায়ী সেতুর কারণে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও সাধারণ মানুষকে মাটির প্রতিমা ও মৃৎশিল্পের সামগ্রী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাচং কুমারপাড়া থেকে প্রতিমা ও মাটির তৈরি হাঁড়িপাতিল নিতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসেন। প্রায় চার বছর আগে মূল পাকা সেতুর নির্মাণকাজ শেষ হলেও যাতায়াতের জন্য নির্মিত অস্থায়ী স্টিলের সেতুটি এখনো অপসারণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, সেতুটি অপসারণ না করে সেখানে ইট-পাথরের ব্যবসা এবং ড্রেজারের পাইপ ও যন্ত্রপাতি স্থাপন করে নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

কুমারপাড়ার মৃৎশিল্পীরা জানান, নদীপথে নৌকা ভেড়াতে না পারায় প্রায় আধা কিলোমিটার উঁচু-নিচু পথ পাড়ি দিয়ে মাথায় করে প্রতিমা ও মাটির সামগ্রী নৌকায় তুলতে হচ্ছে। এতে পণ্য ভাঙার ঝুঁকি বাড়ছে, পাশাপাশি অতিরিক্ত শ্রমিক খরচও গুনতে হচ্ছে। তাঁদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে অনেকে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে বা লিখিত অভিযোগ করতে সাহস পান না।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “নদীপথ বন্ধ করে রাখার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে নদীপথ বন্ধ করে ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা দ্রুত এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

ভোলাচং কুমারপাড়ার ঐতিহ্যবাহী মৃৎশিল্প রক্ষা এবং নদীপথে স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত করতে ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত অস্থায়ী সেতু অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মৃৎশিল্পী ও স্থানীয় বাসিন্দারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত